শিরোনাম

অবশেষে নতুন ক্লাব পেলেন ভোজিনিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অবশেষে নতুন ক্লাব পেলেন ভোজিনিয়া
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফুটবল বিশ্বের মন জয় করেছিলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। টুর্নামেন্ট শেষ হতে না হতেই নতুন ঠিকানা খুঁজে পেলেন এ তারকা। চিলির অন্যতম সেরা ও সফল ফুটবল ক্লাব কোলো কোলোতে যোগ দিতে যাচ্ছেন তিনি। পর্তুগালের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই ফ্রি এজেন্ট হিসেবে চিলির এ ক্লাবে ভিড়ছেন তিনি।

সম্প্রতি কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা ভোজিনিয়াকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে চিলিতে পৌঁছে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন এ ভোজিনিয়া। এরপর তাদের নিজস্ব ‘এস্তাদিও মনুমেন্তাল’ স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার কোঁকড়ানো চুলের সংকেত ও ‘অরা’ ক্যাপশন দিয়ে একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেছে কোলো কোলো।

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবে খেলা ভোজিনিয়া বিশ্বকাপ মঞ্চে এসে যেন রাতারাতি নায়ক বনে যান। টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত সেভ করে ভক্তদের ভোটে আসরের সেরা একাদশে জায়গা করে নেন তিনি। পাশাপাশি বাড়তে থাকে তার সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৮.৩ মিলিয়ন, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার কিংবা ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তি গোলরক্ষকদের চেয়েও বেশি।

চল্লিশ বছর বয়সে পৌঁছেও পেশাদার ফুটবলে আরও এক বা দুই মৌসুম খেলার ইচ্ছা ভোজিনিয়ার। তিনি চেয়েছিলেন এমন কোনো ক্লাবে যেতে, যেখানে শুধু মার্কেটিংয়ের জন্য নয়, তার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করা হবে। মাঝে ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাবটি।

ভোজিনিয়ার নতুন ঠিকানা পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পড়েছে। ইংলিশ তারকা মিডফিল্ডার জুড বেলিংহামও ক্লাবের পোস্টে ‘দ্য বেস্ট’ মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। সান্তিয়াগোভিত্তিক ১৯২৫ সালে প্রতিষ্ঠিত কোলো কোলো চিলির সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে ৩৪টি লিগ ও ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস শিরোপা। নতুন মৌসুমে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্তিজের অধীনে ও আর্তুরো ভিদালের মতো তারকা সতীর্থের সাথে মাঠে নামবেন ভোজিনিয়া।

/এমএকে/