শিরোনাম

জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা
আমিনুল হক ও জাইমা রহমান। কোলাজ: সিটিজেন জার্নাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের চেলসি বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা জানান।

গণমাধ্যমকে আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলকিপার হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।

আমিনুল নিজে খেলোয়াড় জীবনে ছিলেন গোলকিপার। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলকিপার বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন।

তিনি জানান, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাকে বলেছিলেন, 'আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলকিপার ছিলাম।’

ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন বলে জানান আমিনুল হক।

জাইমা রহমান যে ছোটবেলায় খেলাধুলায় পারদর্শী ছিলেন তার প্রমাণ মেলে কোচ মোহাম্মদ হাকিমের ফেসবুক স্ট্যাটাস থেকে। জাইমার ছোটবেলায় ফুটবল দলের সঙ্গে ছবি পোস্ট করে তার খেলাধুলার প্রতিভা নিয়ে লেখেন তিনি।

/টিই/