শিরোনাম

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ ফুটবলের আভিজাত্যের লড়াই প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১-১ গোলের নাটকীয় ড্রয়ে শীর্ষ স্তর নিশ্চিত করেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেও ২০০১ সালে অবনমনের পর থেকে দীর্ঘ আড়াই দশক ক্লাবটি শীর্ষ লিগের বাইরে ছিল। এডউড পার্কে প্রমোশন নিশ্চিত করতে কভেন্ট্রির প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে রয়া মরিশিতার গোলে ব্ল্যাকবার্ন লিড নিলে শঙ্কা জাগে স্কাই ব্লুজ শিবিরে। ম্যাচের ৮৪ মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে ববি থমাসের দুর্দান্ত এক হেডে সমতা ফিরলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। এই ড্রয়ের ফলেই তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করল তারা।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, এ গোলটি ক্লাবের জন্য একটি বিশেষ রাতের জন্ম দিয়েছে। চেলসি ও এভারটনের সাবেক এ কোচের হাত ধরেই শীর্ষ লিগে ফিরছে কভেন্ট্রি। ২০১৭ সালে চতুর্থ স্তরে নেমে যাওয়া দলটির জন্য এ পথচলা ছিল অত্যন্ত সংগ্রামের। গত বছর লুটন টাউনের কাছে প্লে-অফ ফাইনালে হারলেও এবার আর ভুল করেনি ল্যাম্পার্ডের দল। শিরোপার দৌড়েও অনেকটা এগিয়ে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইপসউইচ টাউন ৫ ম্যাচ হাতে রেখে কভেন্ট্রির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। টানা ৩৪ বছর ইংল্যান্ডের শীর্ষ বিভাগে খেলার রেকর্ড থাকা কভেন্ট্রি ১৯৮৭ সালে এফএ কাপ জিতেছিল। দীর্ঘ লড়াই শেষে সেই হারানো গৌরব পুনরুদ্ধারের পথে এখন চূড়ান্ত ধাপে কভেন্ট্রি সিটি।

/এমএকে/