শিরোনাম

অদ্ভুত কারণে পেছালো লা লিগার ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অদ্ভুত কারণে পেছালো লা লিগার ম্যাচ
লা লিগার মৌসুম শুরু ১৫ আগস্ট

২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই অদ্ভুত এক কারণে এক ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ। মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে ওসাসুনা ও সেল্তা ভিগোর ম্যাচ পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ঘরের মাঠে ম্যাচটি খেলার কথা ছিল সেল্তা ভিগোর।

এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, সেল্তা ভিগো, ওসাসুনার সঙ্গে আলোচনার পর ম্যাচটি স্থগিতের সিদ্ধান্তে একমত হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। নতুন সূচিতে ম্যাচটি হবে ২৭ আগস্ট।

তবে নতুন সূচি নিয়েই আপত্তি তুলেছে ওসাসুনা। তাদের চাওয়া ২৭ আগস্ট না হয়ে ম্যাচটি ২৪/২৫ সেপ্টেম্বর হোক।

এক বিবৃতিতে ওসাসুনা লিখেছে, ‘দুই ক্লাবের অনুরোধ রাখেনি লা লিগা বা আরএফইএফ। উল্টো একতরফা ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলটিই আবার নতুন সূচিতে আরো বেশি ক্ষতির মুখে পড়লো।’

বিবৃতির শেষ কটাক্ষ করে ওসাসুনা লিখেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’

এর আগে ম্যাচটি আয়োজন করা যাবে কিনা সে জন্য গত বুধবার সেল্তার মাঠ এস্তাদিও দে বালাইদোস পরিদর্শন করেন লিগ কর্মকর্তারা। তবে উন্নতি না হওয়ায় ম্যাচ শুরুর তিন দিন আগে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, লা লিগার নতুন মৌসুম শুরু হবে শনিবার (১৫ আগস্ট) থেকে।

/টিই/