শিরোনাম

আর্জেন্টিনাকে সমীহ করি, তবে ভয় পাই না: মিসর কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে সমীহ করি, তবে ভয় পাই না: মিসর কোচ
সংবাদ সম্মেলনে মিসরের কোচ হোসাম হাসান।

চলতি বিশ্বকাপে অপরাজিত থাকা মিসরের সামনে এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন প্রাচীর। কোয়ার্টার ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দল। নকআউট পর্বের এ ম্যাচে জয়ী দল শেষ আটের টিকিট পেলেও, পরাজিত দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

ম্যাচটি ঘিরে মিশরের সামনে রয়েছে নতুন এক ইতিহাস গড়ার হাতছানি। চলতি আসরেই বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পাওয়া ফারাওরা আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারলে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে কোয়ার্টার-ফাইনালে খেলার গৌরব অর্জন করবে। তবে কাজটা মোটেও সহজ হবে না, কারণ নিজেদের শেষ ১০ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। বিপরীতে মিশরের রক্ষণভাগও বেশ মজবুত। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচের কোনোটিতেই তারা একটির বেশি গোল হজম করেনি। ফলে মাঠের লড়াইটি যে বেশ জমজমাট হবে, তা বলাই বাহুল্য।

কঠিন এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী মিসরের কোচ হোসাম হাসান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা দুর্দান্ত দল ও বর্তমান চ্যাম্পিয়ন হলেও ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। প্রতিপক্ষকে সম্মান করলেও তারা কাউকে ভয় পান না এবং বড় উচ্চাকাঙ্ক্ষা নিয়েই মাঠে নামবেন। কোচ হিসেবে দলের অগ্রযাত্রায় তিনি অত্যন্ত আনন্দিত এবং তার একমাত্র লক্ষ্য মিসরীয় জনগণকে গর্বিত করা।

এই রোমাঞ্চকর ম্যাচের আবহ আরও বাড়িয়ে দিচ্ছে একটি ঐতিহাসিক ব্যক্তিগত রেকর্ডের হাতছানি। মিসরের ফুটবল ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ ৬৯ গোলের রেকর্ডটি রয়েছে খোদ কোচ হোসাম হাসানের দখলে। আর মাত্র ২ গোল করলেই ৬৮ গোল করা তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ছাড়িয়ে যাবেন তার নিজের কোচকে। আর্জেন্টিনার বিপক্ষেই সালাহর সামনে সুযোগ রয়েছে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। রেকর্ড হোক বা না হোক, মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে মিসরীয় জনগণকে আনন্দের জোয়ারে ভাসাতে দৃঢ়প্রতিজ্ঞ পুরো দল।

/এমএকে/