শিরোনাম

ফিলিস্তিন ইস্যুতে বিশ্বমঞ্চে মানবতার বার্তা দিলেন মিসর কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিলিস্তিন ইস্যুতে বিশ্বমঞ্চে মানবতার বার্তা দিলেন মিসর কোচ
সংবাদ সম্মেলনে মিসরের কোচ হোসাম হাসান। ছবি: গোল ডটকম

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এক মানবিক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন মিসরের কোচ হোসাম হাসান। যুক্তরাষ্ট্রের ডালাসে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করে নজর কাড়া এই কোচ এবার সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান আরও একবার জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি বিশ্ববিবেকের কাছে এক আবেগঘন প্রশ্ন ছুঁড়ে দেন।

ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের কথা উল্লেখ করে হোসাম হাসান বলেন, যে মানুষ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করতে পারে না, তার মধ্যে ন্যূনতম মানবিকতা নেই। আমরা যখন মাথার ওপর নিরাপদ ছাদ নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আয়েশি জীবন কাটাচ্ছি, তখন ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তাটুকুও পাচ্ছে না। তারা মুসলিম হোক কিংবা খ্রিস্টান, দিনশেষে সবাই মানুষ এবং তাদের সবার প্রতিই আমাদের সহমর্মিতা থাকা উচিত। বিশ্ববাসীর উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, সামান্য বৃষ্টি হলেই আমরা যেখানে আশ্রয় খুঁজি, সেখানে ফিলিস্তিনিদের মাথার ওপর কোনো আশ্রয়ই নেই। মানবজাতি হিসেবে আমাদের সবারই এ পরিস্থিতির জন্য লজ্জিত হওয়া উচিত। অথচ আমরা অনেকেই এই চরম বাস্তবতাকে এড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছি।

চলতি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সামরিক ও কূটনৈতিক সহযোগী হিসেবে পরিচিত, আর এমন এক ভূখণ্ডে দাঁড়িয়েই সাহসিকতার সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন মিসরীয় কোচ। তিনি ফুটবলকে কেবল একটি খেলা হিসেবে না দেখে, এটিকে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের এবং বার্তা পৌঁছানোর অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান। হোসাম হাসানের স্পষ্ট কথা, ফিলিস্তিনের মানুষ যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, সেটাই তার মূল চাওয়া। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার লোগোকে সম্মানের সঙ্গে ধারণ করার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কেবল খেলার মাঠেই নয়, মানুষের জীবনের ক্ষেত্রেও ‘ফেয়ার প্লে’ বা ন্যায্যতার নীতি প্রতিষ্ঠিত হওয়া জরুরি।

/এমএকে/