শিরোনাম

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিসরের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিসরের
রেফারির সঙ্গে কথা বলছেন মোহাম্মদ সালাহ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়ভাবে হেরে বিদায় নিয়েছে মিসর। এরপর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক ক্ষোভ প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। রোমাঞ্চকর সেই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ। ম্যাচ শেষে মাঠের রেফারিং এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরিচালনায় ব্যর্থতার তীব্র সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে দেশটির ফুটবল নিয়ামক সংস্থা। একই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো মিসরীয় সমর্থকের অকুণ্ঠ সমর্থনের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ফেডারেশন।

বিবৃতিতে ইএফএ উল্লেখ করেছে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহারে অবহেলা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে, যা সরাসরি ম্যাচের গতিপথ ও ফলাফলকে প্রভাবিত করেছে। ফেডারেশনের দাবি, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকও ম্যাচটির বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে ম্যাচ পরিচালনায় সর্বোচ্চ মানের সততা, ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করে তারা।

মিসর ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা সবসময় ফেয়ার প্লে ও ফুটবলের আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই নীতি অনুযায়ী প্রতিটি দলের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্জেন্টিনার ম্যাচে যা ঘটেছে, তা খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র হতাশা তৈরি করেছে। জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা ফেডারেশনের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মিসরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি ফুটবলার এবং দলের সঙ্গে থাকা সমর্থকেরা মাঠে আইনের সমান প্রয়োগ দাবি করেন।

বিতর্কিত সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল এখন ইতিহাসের অংশ হয়ে গেলেও নিজেদের ফুটবলারদের প্রতি পূর্ণ গর্ব প্রকাশ করেছে ইএফএ। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা মিসরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে তুলে ধরে সবার শ্রদ্ধা অর্জন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সবশেষে সমর্থকদের উদ্দেশে ফেডারেশন জানায়, জাতীয় দলের মূল শক্তি ও হৃদস্পন্দন হিসেবে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভালোবাসাই আগামী দিনে মিসরীয় ফুটবলের আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

/এমএকে/