শিরোনাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবাকে হারালেন কঙ্গোর কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবাকে হারালেন কঙ্গোর কোচ
ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে

মাঠের লড়াইয়ে শেষ মুহূর্তের হারে বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট তখনো কাটিয়ে উঠতে পারেনি ডিআর কঙ্গো। ঠিক সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে কঠিনতম দুঃসংবাদটি পেলেন দলটির প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। আটলান্টায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় তিনি জানতে পারেন, চিরদিনের জন্য হারিয়েছেন তার প্রিয় বাবাকে।

এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে যখন দেসাব্রে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। শেষ প্রশ্নটির উত্তর দিয়ে তিনি যখন কক্ষ ছাড়তে যাবেন, ঠিক তখনি কঙ্গোর মিডিয়া অফিসার তার বাবার মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে জানান। মিডিয়া অফিসারের মুখ থেকে আমাদের প্রধান কোচের বাবা প্রয়াত হয়েছেন বাক্যটি শোনার পর মুহূর্তের মধ্যেই পুরো সংবাদ সম্মেলন কক্ষে এক পিনপতন নীরবতা নেমে আসে।

এর আগে মাঠের লড়াইয়েও কঙ্গোকে চরম ট্র্যাজেডির শিকার হতে হয়। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ফরোয়ার্ড ব্রায়ান চিপেঙ্গার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল কঙ্গো। কিন্তু শেষ মুহূর্তে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের দুর্দান্ত ম্যাজিকে পাশা উল্টে যায়। ৭৫ মিনিটে সমতায় ফেরানোর পর ৮৬ মিনিটে এক অবিশ্বাস্য শটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন কেইন। এ নাটকীয় পরাজয়ে ইংলিশরা পরের রাউন্ডে পা রাখলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কঙ্গো।

মাঠ ও মাঠের বাইরের এ দ্বৈত ধাক্কার পরও নিজের দলের লড়াকু পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন দেসাব্রে। বিদায়ের বেদনার মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিয়ে তিনি জানান, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা সত্যিই হতাশার। তবে টুর্নামেন্টে তারা ৫টি গোল করেছেন এবং নিজেদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন, তা সত্যিই গর্ব করার মতো।

/এমএকে/