শিরোনাম

বিশ্বকাপ ব্যর্থতা: দক্ষিণ কোরিয়ার কোচকে হত্যার হুমকি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ব্যর্থতা: দক্ষিণ কোরিয়ার কোচকে হত্যার হুমকি
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো

বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের পর চরম সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়ার ফুটবল। মাঠের পারফরম্যান্সের ব্যর্থতা ছাপিয়ে বিষয়টি এখন রূপ নিয়েছে আইনি জটিলতা ও চরম সহিংসতায়। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের প্রধান কোচ হং মিউং-বোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিতর্কিত প্রক্রিয়া নিয়েও তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির বরাতে জানা গেছে, কোচ হং মিউং-বোর নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যেই আটটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) সভাপতি চুং মং-গ্যু এবং টেকনিক্যাল ডিরেক্টর লি লিম-সেংয়ের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনি বিশ্লেষণ শুরু করেছে পুলিশ। মূলত ২০২৪ সালের জুলাই মাসে কেএফএ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে বাধা ও বিশ্বস্ততা লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলাটি সম্প্রতি নতুন গতি পেয়েছে। সিউল প্রশাসনিক আদালত এক রায়ে জানিয়েছে, হং মিউং-বোকে প্রধান কোচ হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে কেএফএ অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছিল, যার বিরুদ্ধে ফেডারেশন অবশ্য আপিল করেছে।

এ আইনি টানাপোড়েনের মাঝেই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্স সমর্থকদের ক্ষোভকে চরম পর্যায়ে নিয়ে গেছে। ইন্টারনেট দুনিয়ায় এক ব্যক্তি সরাসরি কোচকে হত্যার হুমকি দিয়ে লিখেছেন, তিনি নিজে দায়িত্ব নিয়ে হং মিউং-বোকে হত্যা করবেন। নিজেকে ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক দাবি করা ওই ব্যক্তি ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দল নামার পরই এই হামলার পরিকল্পনা করেছেন বলে জানান। হুমকির বিষয়টি আমলে নিয়ে পুলিশ অপরাধীকে শনাক্ত করার পাশাপাশি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মঙ্গলবার (৩০ জুন) কোচ হং এবং আটজন খেলোয়াড়ের দেশে ফেরার কথা রয়েছে।

সমর্থকদের এ চরম অসন্তোষ শুধু অনলাইনে সহিংস বার্তা কিংবা ব্যঙ্গাত্মক ট্রোলের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে প্রাত্যহিক জীবনেও। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোচকে ব্যঙ্গ করে তৈরি বিভিন্ন মিম ভাইরাল হয়েছে, যার একটিতে দেখা যায় বিমানবন্দরে সমর্থকদের ক্ষোভের মুখে খেলোয়াড়দের চারদিকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কোচ। এদিকে দেশটির সাধারণ ব্যবসায়ীরাও অভিনব উপায়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। আনইয়াং শহরের একটি বারের মালিক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে দলের হারের পর তার প্রতিষ্ঠানে কোচের প্রবেশ নিষিদ্ধ করেছেন। একইভাবে গিমজে শহরের একটি কোরিয়ান বারবিকিউ রেস্তোরাঁও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হং মিউং-বোর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ ঝুলিয়েছে।

/এমএকে/