শিরোনাম

বিশ্বকাপে ম্যারাডোনার বিরল কীর্তি, পেনাল্টি ছাড়াই ৮ গোল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ম্যারাডোনার বিরল কীর্তি, পেনাল্টি ছাড়াই ৮ গোল
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। ছবি: দ্য গার্ডিয়ান

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি আর্জেন্টিনার ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা বিশ্বমঞ্চে গড়েছেন অনন্য এক কীর্তি। তার গড়া সে রেকর্ড আজও ফুটবলপ্রেমীদের বিস্মিত করে। বৈশ্বিক আসরে পেনাল্টি থেকে গোল করে অনেক তারকা খেলোয়াড়ই নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন। কিন্তু ম্যারাডোনার ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ আলাদা।

ক্যারিয়ারে আকাশী-সাদা জার্সিতে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ সালের চারটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ২১টি ম্যাচ খেলেছিলেন তিনি। এই দীর্ঘ যাত্রায় তার পা থেকে আসা ৮টি গোলের একটিও পেনাল্টি থেকে হয়নি। ম্যারাডোনার প্রতিটি গোলই ছিল তার মাঠের নান্দনিক ফুটবলীয় দক্ষতা, নিখুঁত দূরদর্শিতা ও একক নৈপুণ্যের ফসল, যা তৈরি হয়েছিল ওপেন প্লে কিংবা সরাসরি ফ্রি-কিক থেকে।

বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপে তার জাদুকরী পারফরম্যান্স ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা একক প্রদর্শনীর উদাহরণ হয়ে আছে। যদিও ১৯৯০ বিশ্বকাপের নকআউট পর্বে যুগোস্লাভিয়া ও ইতালির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি শট নিয়েছিলেন তিনি, তবে ফিফার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী টাইব্রেকারের গোল ফুটবলারদের ব্যক্তিগত মূল রেকর্ডে যুক্ত হয় না। স্পট কিকের ওপর কোনো প্রকার নির্ভর না করেও বিশ্ব ফুটবলে নিজের অনবদ্য প্রভাব রেখে যাওয়ার এই বিরল পরিসংখ্যান ম্যারাডোনাকে ইতিহাসের পাতায় আরও বেশি মহিমান্বিত করে তুলেছে।

/এমএকে/