শিরোনাম

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত
ইসরায়েলি হামলায় নিহত ফুটবলার সালিম আল-আশকার

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের গোলরক্ষক সালিম আল-আশকার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এ ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি ক্রীড়া সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া চলমান সংঘাতের পর থেকে আল-আশকারসহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। পিএফএর দেওয়া তথ্যমতে, এ দীর্ঘ সময়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। মাঠের এই প্রতিভাবান তারকার বিদায় তার ব্যক্তিগত জীবনেও এক বড় ট্র্যাজেডি ডেকে এনেছে। মাত্র পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আল-আশকারের স্ত্রী এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবার, সতীর্থ এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সালিম আল-আশকারের এমন মর্মান্তিক মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। চিলির বিখ্যাত ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে এ ফুটবলারের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। ক্লাবটি চলমান সহিংসতার ধারাবাহিকতায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি বিশ্বমঞ্চে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

/এমএকে/