শিরোনাম

৩৩ সেকেন্ডের গোলে জয় পেলো আবাহনী

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৩৩ সেকেন্ডের গোলে জয় পেলো আবাহনী
গোলের পর উদযাপন আবাহনীর। ছবি: সংগৃহীত

ম্যাচের সময় তখন ৩৩ সেকেন্ড। কিক অফের পর প্রথম আক্রমণ থেকে মিরাজুল ইসলাম বক্সে ক্রস বাড়ালেন, গোলকিপার সুজন পেরেইরাও ছিলেন বলের লাইনে; কিন্তু হঠাৎ তালগোল পাকিয়ে বসেন মিঠু চৌধুরী। সুজনের সামনে ছুটে গিয়ে ক্লিয়ার করার চেষ্টায় পারলেন না। বল তার পায়ে লেগে জালে জড়ালো। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (২৪ এপ্রিল) আবাহনী ১-০ তে ফর্টিস এফসিকে হারিয়েছে।

এই জয়ে ফর্টিসকে লিগ শিরোপা লড়াইয়ে পেছনে ঠেলে দিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ওপর চাপ বাড়ালো মারুফুল হকের দল।

ম্যাচে ফর্টিস গোল শোধের সেরা সুযোগ তৈরি করে প্রথমার্ধের শেষ দিকে। ৪২ মিনিটে বাইলাইনের একটু ওপর থেকে ডাওয়া তিসেরিংয়ের আড়াআড়ি ক্রসের নাগাল পাননি মিতুল মারমা, বল চলে যায় গোলমুখে। ফাঁকা থাকা ইসা জালোর কাছে; কিন্তু হেডে ক্রসবারের উপর দিয়ে বল উড়িয়ে দেন গাম্বিয়ান এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে আবাহনী গোল আগলে রাখার দিকে ছিল মনোযোগী। ৬৬তম মিনিটে ইসা জালোর বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়াল পেরুলেও, আটকে দেন মিতুল। শেষ দিকে আরও চাপ বাড়ায় ফর্টিস। পোস্টের বাইরে দিয়ে যাওয়ার পরপরই বাজে শেষের বাঁশি। দলের সঙ্গে উদযাপনে যোগ দিতে মাঠে ঢুকে পড়েন আবাহনী সমর্থকেরা।

১৪ ম্যাচ শেষে আবাহনী ২৮ পয়েন্ট নিয়ে এখন কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে। শনিবার (২৫ এপ্রিল) নিজেদের ম্যাচে বসুন্ধরা কিংস পয়েন্ট পেলে আবার এককভাবে শীর্ষস্থান ফিরে পাবে। ফর্টিস ম্যাচ হেরে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে।

দিনের আরেক ম্যাচে, চমক দেখিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। কিজিতো কাওয়ামের ৪৬তম মিনিটের গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে তারা।

/টিই/