শিরোনাম

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
জর্ডানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে এবারের আসর শুরু করেছে অস্ট্রিয়া।

সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া জর্ডান। গ্রুপ ‘জে’-এর রোমাঞ্চকর ম্যাচে অনভিজ্ঞতার মাশুল আর আত্মঘাতী ভুলের খেসারত দিয়ে অস্ট্রিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ জয়ে আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে জায়গা করে নিল ইউরোপের দল অস্ট্রিয়া।

ম্যাচের শুরু থেকেই জর্ডানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে অস্ট্রিয়া। আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ২০ মিনিটেই রোমানো স্মিডের চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় নবাগত জর্ডান। ম্যাচের ৫০ মিনিটে আলী ওলওয়ানের গোলে ১-১ সমতায় ফিরে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা জানান দেয় দলটি। এরপর ম্যাচের ৬৭ মিনিটে অস্ট্রিয়ার তারকা ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ জর্ডানের জালে বল পাঠালেও ভিএআর পরীক্ষায় দেখা যায় বল বানিয়ে দেওয়ার সময় স্টেফান পশের হাতে বল লেগেছিল। ফলে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হলে ম্যাচ জমজমাট থাকে।

তবে ম্যাচের শেষভাগে এসে নিজেদের ধরে রাখতে পারেনি জর্ডান। ৭৬ মিনিটে এক অনাকাঙ্ক্ষিত ভুলে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। অস্ট্রিয়ার একটি কর্নার কিক বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব। এ দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে জর্ডান। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের শততম মিনিটে জর্ডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আরনাউতোভিচ। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে তিনি অস্ট্রিয়ার ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

/এমএকে/