শিরোনাম

বিশ্বকাপে ৫১৯ মিনিট ক্লিনশিট রেখে সিমনের বিশ্ব রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ৫১৯ মিনিট ক্লিনশিট রেখে সিমনের বিশ্ব রেকর্ড
স্পেনের গোলকিপার উনাই সিমন

বিশ্বকাপ মানেই গোল উৎসব। তবে এবারের বিশ্বকাপে গোল ঠেকিয়ে ইতিহাস গড়ছেন বিভিন্ন দলের গোলকিপাররা। সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম উনাই সিমন। অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলের জয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন এই গোলকিপার।

ম্যাচটিতে ক্লিন শিট ধরে রাখার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার কীর্তি গড়েছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম করেননি সিমন। ভেঙেছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে যে রেকর্ড গড়েছিলেন।

এখন সেই তালিকার শীর্ষে উনাই সিমন। আর তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যিনি টানা ৫০০ মিনিট ক্লিন শিট রেখেছিলেন।

সিমনের এই রেকর্ডযাত্রার শুরু অবশ্য এবারের বিশ্বকাপে নয়। ২০২২ কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আও তানাকার গোলের পর আর কোনো বল তিনি গোলবারে থাকতে জালে জড়ায়নি। সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে মিলিয়ে টানা ৫১৯ মিনিট গোলশূন্য রেখেছেন সিমন।

/টিই/