আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এটাই শেষ কথা: রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এটাই শেষ কথা: রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

নিজেকে আগেও সর্বকালের সেরা ফুটবলার দাবি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আবারও একই দাবি করলেন তিনি। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন নিজেকে। অথচ নিজের গোলের রেকর্ড ও বর্তমান ফর্ম যথাযথ মূল্যায়ন পাচ্ছে না বলে আক্ষেপ রোনালদোর।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গোলসংখ্যা ও ফর্ম নিয়ে কথা বলেন আল নাসরে খেলা ৪১ বছর বয়সী এই তারকা।

রোনালদো বলেন, ‘মানুষ আমার বর্তমান ফর্ম, আমার গোলগুলোকে যথাযথ মূল্যায়ন করছে না।’ ক্লাব ও জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আছেন সিআরসেভেন।

এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচে রোনালদোর গোল ৯৮০টি। হাজার গোলের লক্ষ্যে ছুটছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিকভাবেই ঘটতে হবে।’

রোনালদো আরও বলেন, ‘আমার গোলসংখ্যা ৯২০ হোক, ৯২৫ বা ৯৩০, ইতিহাসের সেরা আমিই, এটাই শেষ কথা। সংখ্যাগুলোই সব বলে দেয়। ১ হাজার গোলে পৌঁছাতে পারলে দারুণ হবে, এটা একটা লক্ষ্য। তবে আমি দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে ভাবি না।’

পর্তুগালের ক্যাম্প ছাড়ার ঘটনা নিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমে দেওয়া ১ হাজার ৭৪০ শব্দের বিবৃতিতেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন রোনালদো। সেখানে জাতীয় দল থেকে অবসরের পরিকল্পনা নেই জানিয়ে বিদায়ী ম্যাচের ইচ্ছা প্রকাশ করেন তিনি। রোনালদোর আশা, পর্তুগালের হয়ে ‘একটি বা একাধিক বিদায়ী ম্যাচ’ খেলার সুযোগ পাবেন।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের হয়ে ২০০৩ সাল থেকে খেলে এখন পর্যন্ত করেছেন ১৪৬ গোল।

/টিই/