শিরোনাম

পদত্যাগ করলেন জার্মানির কোচ নাগেলসম্যান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পদত্যাগ করলেন জার্মানির কোচ নাগেলসম্যান
ইউলিয়ান নাগেলসম্যান। ছবি: দ্য ইনডিপেন্ডেন্ট

যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপ থেকে আকস্মিক ও লজ্জাজনক বিদায়ের জেরে পদত্যাগ করেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসম্যান। প্যারাগুয়ের কাছে হেরে নকআউট পর্ব থেকে বিদায়ের পর চারপাশের প্রচণ্ড চাপের মুখে অবশেষে এ সিদ্ধান্ত নিলেন ৩৮ বছর বয়সী এ মাস্টারমাইন্ড। এদিকে নাগেলসম্যানের বিদায়ের পর জার্মান ডাগআউটের পরবর্তী কাণ্ডারি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপের নাম।

ফুটবল বিশ্বের বড় চমক হিসেবে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই অভাবনীয় ব্যর্থতার পর নাগেলসম্যানের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়। যদিও এর আগে ধারণা করা হয়েছিল ২০২৮ সালের ইউরো কাপ পর্যন্ত তিনিই দলটির দায়িত্বে বহাল থাকবেন। টুর্নামেন্ট থেকে বিদায়ের পরপরই অবশ্য নিজের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ওপর ছেড়ে দিয়েছিলেন নাগেলসম্যান। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, ডিএফবি চাইলে তিনি ২০২৮ ইউরো পর্যন্ত কাজ করতে প্রস্তুত এবং তিনি দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নন। একই সঙ্গে অত্যন্ত হতাশ হয়ে তিনি স্বীকার করেছিলেন, প্যারাগুয়ের কাছে হারের পর জার্মানিকে আর বিশ্বের প্রথম সারির দল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তবে দ্রুতই বদলে যায় দৃশ্যপট। জানা গেছে, ডিএফবি কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর নাগেলসম্যানকে জানিয়ে দেওয়া হয়, তাকে নিজে থেকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তাকে বরখাস্ত করা হবে। বোর্ডের এমন কঠোর ও আপসহীন অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্তই নেন এই জার্মান কোচ। শুক্রবার (৩ জুলাই) ডিএফবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নাগেলসম্যানের এ প্রস্থান জার্মানির ফুটবল ডাগআউটে বড় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছে। নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্বকাপ চলাকালীন সময়েই ক্লপ জার্মানি দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

/এমএকে/