জোতার মৃত্যু নিয়ে কটূক্তি, কঠিন শাস্তি পেল সৌদি ক্লাব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জোতার মৃত্যু নিয়ে কটূক্তি, কঠিন শাস্তি পেল সৌদি ক্লাব

মাঠের বাজে পারফরম্যান্সের সঙ্গে এবার শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় ধাক্কা খেল সৌদি প্রো লিগের ক্লাব আল-তাউন। পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে নিয়ে গ্যালারি থেকে আপত্তিকর মন্তব্য ও স্লোগান দেওয়ায় ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের পরবর্তী দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দিয়েছে সৌদি ফুটবল কর্তৃপক্ষ।

সম্প্রতি আল-হিলালের বিপক্ষে ম্যাচে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ম্যাচটি আল-তাউন ৬-০ গোলে হারে। অভিযোগ রয়েছে, আল-তাউনের কিছু সমর্থক মাঠে থাকা আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে কটূক্তি করেন। প্রয়াত জোতা ছিলেন নেভেসের অত্যন্ত ঘনিষ্ট বন্ধু। বন্ধুকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মাঠে এমন আচরণে চারদিকে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার পরই জোতার শেষকৃত্যে কফিন কাঁধে নেওয়া রুবেন নেভেস ম্যাচ শেষে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি। তিনি জানান, যারা এমন হীন মানসিকতার পরিচয় দেয়, তাদের এরপর প্রার্থনা করতে যাওয়া উচিত নয়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আল-নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। তিনি বলেন, ফুটবল লিগ কর্তৃপক্ষকে অবশ্যই এ ধরনের আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং যারা এমন আচরণ করে, তাদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়।

মাঠের লড়াইয়েও সময়টা মোটেও ভালো যাচ্ছে না আল-তাউনের। আল-হিলালের কাছে বড় ব্যবধানে হারের পর লিগে নিজেদের প্রথম সাত ম্যাচে তাদের অর্জন মাত্র তিন পয়েন্ট। পয়েন্ট টেবিলের ১৭ নম্বর অবস্থানে ধুঁকতে থাকা দলটি এ হতাশাজনক শুরুর জেরে শেষ পর্যন্ত কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করেছে। তার জায়গায় ক্লাবটির ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইনের কাঁধে।

/এমএকে/