শিরোনাম

এমন দলের বিপক্ষে ৫-০ তে হারা লজ্জার নয়: বাটলার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এমন দলের বিপক্ষে ৫-০ তে হারা লজ্জার নয়: বাটলার
পিটার বাটলার। ছবি: বাফুফে

অনুমিতভাবেই গ্রুপের দুই শক্তিশালী দল চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হার মেনে নিচ্ছেন বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার। তবে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে যে দৃষ্টিনন্দন ফুটবল খেলেছিল দল, সেই তুলনায় তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ম্যাচে কিছুটা মলিন।

এ ম্যাচে বাংলাদেশ কোনো আক্রমণই করতে পারেনি। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুক্রবার (৬ মার্চ) উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি হজম করে তারা।

হারের পর সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আজ আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি। সম্ভবত এশীয় ফুটবলের অন্যতম সেরা, যদি সেরা নাও হয়। আমরা সত্যিকারের ফুটবলের শিক্ষা পেয়েছি। টেকনিক ও টেকনিক্যাল সক্ষমতার দিক থেকে উত্তর কোরিয়া আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে ছিল। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং ৫-০, ৬-০ বা ৭-০ গোলে হেরে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়।’

বাটলার আরও বলেন, ‘আমি মেয়েদের সমালোচনা করতে পারি না, কারণ, আমরা সেই স্তরে নেই এবং আমাদের নিজেদের কাছে সৎ হতে হবে। আমি মেয়েদের প্রচেষ্টায় এবং তারা যা করেছে তার জন্য গর্বিত।’

পাঁচ গোল খেলেও ম্যাচ জুড়ে দারুণ কিছু সেভ করেছেন মিলি। বাংলাদেশ সেনাবাহিনীর এই গোলকিপারের প্রশংসা করলেন বাটলার। ‘মিলি দারুণ ব্যক্তিত্বের অধিকারী এবং সে একজন সৈনিক। তার জেদ ও উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সাথে কাজ করা দারুণ, সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার শুধু প্রশংসাই আছে। মাঝে মাঝে তাকে অনেক চাপের মুখে পড়তে হয়েছে, তবে হ্যাঁ, এশিয়ান কাপের মতো এই স্তরে আসার পর আমাদের গোলকিপিং বিভাগটি একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মিলির ভবিষ্যৎ উজ্জ্বল।’

উত্তর কোরিয়া ম্যাচে উল্লেখ করার মতো কোনো আক্রমণই শাণাতে পারেননি তহুরা খাতুন-ঋতুপর্ণারা। এ নিয়ে ওঠা প্রশ্নে শুরুতে একটু রাগান্বিত হলেও পরে বাটলার মেনে নিলেন সেরাটা মেলে ধরতে পারেনি দল। ‘(দুই মিনিটের মধ্যে গোল খাওয়া) এসবের অনেক কিছুই মনোযোগের অভাব থেকে আসে এবং খেলোয়াড়রা মনোযোগ হারায়। তবে আপনাকে মনে রাখতে হবে, উত্তর কোরিয়ার খেলোয়াড়রা অনেক উঁচু স্তরে খেলে। তারা এমন মানের খেলোয়াড়, যাদের খেলা দেখার জন্য আমি টাকা খরচ করবো। আমরা এমন একটি দলের কাছে হেরেছি যারা আমার মতে এই টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে। তারা কেবল ভালো ফুটবলারই নয়, তারা অবিশ্বাস্য অ্যাথলেট। অস্ট্রেলিয়া এবং চীনেরও অসাধারণ অ্যাথলেট আছে। আমাদের বাস্তববাদী হতে হবে; আমরা সেই স্তরে নেই এবং আমরা ভুল করবোই, তবে এই যাত্রাপথে আমরা শিখবো।’

আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি হবে পার্থে। শনিবার পার্থের উদ্দেশে রওনা দেবে দল। চীন ও উত্তর কোরিয়া ম্যাচের শিক্ষা উজবেকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চান বাটলার।

কোচ বলেন, ‘আমাদের প্রত্যাশার ব্যাপারে বাস্তববাদী হতে হবে। আমি সবসময় বলেছি যে, এখানে পৌঁছানোই ছিল আমাদের বিশ্বকাপ। এই মানের দলগুলোকে হারানোর কোনো প্রত্যাশা আমার নেই। আমাদের যাত্রা কি এখন শুরু হচ্ছে? হয়তো এটি একটি জেগে ওঠার ডাক হতে পারে। আমি মনে করি, যাত্রা অনেক আগেই শুরু হয়েছে কিন্তু দল তৈরির ক্ষেত্রে আমরা সেই স্তরে নেই। তাদের অ্যাথলেটিক প্রোফাইল এবং আমাদের পার্থক্য দিন আর রাতের মতো।’

/টিই/