শিরোনাম

সৌদি প্রো লিগ: বর্ষসেরার দৌড়ে রোনালদো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সৌদি প্রো লিগ: বর্ষসেরার দৌড়ে রোনালদো

সৌদি প্রো লিগের ২০১৫-২৬ মৌসুমের শিরোপা ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে শেষ মুহূর্তের চরম নাটকীয়তায়। বৃহস্পতিবার (২১ মে) টুর্নামেন্টের শেষ দিনে মাঠের লড়াইয়ে নিশ্চিত হবে কার মাথায় উঠছে এবারের চ্যাম্পিয়নের মুকুট। এমন রুদ্ধশ্বাস পরিস্থিতির আবহেই প্রকাশ করা হয়েছে লিগের মর্যাদাপূর্ণ বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত ৫ জনের সংক্ষিপ্ত তালিকা, যেখানে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

লিগের বর্তমান সমীকরণ অনুযায়ী, শেষ ম্যাচে মাঠে নামার আগে টেবিলের শীর্ষে থাকা আল নাসরের সংগ্রহ ৮৩ পয়েন্ট। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পুরো মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা আল হিলাল, যারা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে ওত পেতে আছে দ্বিতীয় স্থানে। শেষ দিনে দামাকের মুখোমুখি হবে রোনালদোর আল নাসর। এ ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে তাদের চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে আল হিলাল লড়বে আল ফায়হার বিপক্ষে। কোনো কারণে আল নাসর পয়েন্ট হারালেই আল হিলালের সামনে সুযোগ থাকবে শেষ মুহূর্তে ট্রফি ছিনিয়ে নেওয়ার। ঘরোয়া লিগের শিরোপা জয় এখন আল নাসরের জন্য এক বড় প্রতিষেধক। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর যে ক্ষত তাদের হৃদয়ে তৈরি হয়েছে, ঘরোয়া লিগ জিতে সেই দুঃখ ভুলে উদযাপনে মাতাই এখন দলটির মূল লক্ষ্য।

২০২৩ সালে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের মৌসুমে ২৬টি গোল করার পাশাপাশি সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। পুরো মৌসুমে ৭ বার ম্যাচসেরা হওয়া এ কিংবদন্তিই এবার বর্ষসেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

তবে তালিকায় রোনালদোর সাথে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় আছেন তার ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্সও। আল নাসরের হয়ে নিজের অভিষেক মৌসুমেই মিডফিল্ডার হিসেবে রেকর্ড ৩টি হ্যাটট্রিক করেছেন ফেলিক্স। ১২টি অ্যাসিস্ট নিয়ে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার পাশাপাশি গোল কন্ট্রিবিউশনেও তিনি যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এছাড়া মনোনয়নের তালিকায় থাকা আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি এবার লিগে ৩১ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ৩২ গোল; মৌসুমজুড়ে ৪টি হ্যাটট্রিক এবং ৯ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। অন্যদিকে আল কাদসিয়াহর হয়ে ৩০ গোলের মাইলফলক ছুঁয়ে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ শীর্ষ-ফ্লাইট গোলদাতা (৫০ গোল) বনে গেছেন হুলিয়ান কিনোনেস, যার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ১৩টি ম্যাচসেরার পুরস্কার। আর আল হিলালের মাঝমাঠের চালিকাশক্তি রুবেন নেভেস প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ২,০০০ এর বেশি সফল পাস দেওয়ার রেকর্ড গড়ে সেরা হওয়ার লড়াইকে আরও জমজমাট করে তুলেছেন।

/এমএকে/