শিরোনাম

৭.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে মার্তিনেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৭.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ

নতুন ঠিকানায় যাচ্ছেন আর্জেন্টিনাইন ‘বাজপাখি’ হিসেবে খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে খেলা এই গোলরক্ষককে দলে ভেড়াতে ৭.৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি করেছে চেলসি। লন্ডনে মেডিকেল সম্পন্ন করার পর স্ট্যামফোর্ড ব্রিজের গোলরক্ষক দলে যোগ দেবেন তিনি।

সোমবার ফুলহ্যামের বিপক্ষে বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে রবার্ট সানচেজের কিছু ভুলের কারণে শাবি আলোনসো একজন গোলরক্ষক সই করানোর বিষয়ে অগ্রাধিকার দেন এবং মার্তিনেজের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন করেন।

২০২৩ সাল থেকে চেলসির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা সানচেজ। তবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে জশ কিংয়ের নেয়া শট কাছের পোস্টে তার হাত ফসকে জালে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধেও আরেকটি শট ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন তিনি। বলটি বিপজ্জনক জায়গায় চলে গেলে সেখান থেকে গোল করেন স্ট্রাইকার গনসালো গার্সিয়া। এর পরই গোলরক্ষক পজিশন শক্তিশালী করার সিদ্ধান্ত নেয় চেলসি।

চেলসির গোলরক্ষক হিসেবে আরেকটি বিকল্প হলেন মাইক পেন্ডার্স। জেঙ্ক থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছে চেলসি।

অন্যদিকে চলতি মাসের শুরুতে জাপানের গোলরক্ষক জিওন সুজুকিকে পার্মা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে দলে নেয় অ্যাস্টন ভিলা। এর পর থেকেই মার্তিনেজকে বিক্রি করতে আগ্রহী ছিল দলটি।

সম্প্রতি চেলসি ও অ্যাস্টন ভিলার মধ্যে বেশ কয়েকটি দলবদল হয়েছে। ভিলা থেকে ফরোয়ার্ড মরগান রজার্সকে রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে চেলসি। অন্যদিকে গত মাসে আলেহান্দ্রো গারনাচো প্রাথমিকভাবে ধারে চেলসি থেকে ভিলায় যোগ দেন।

এছাড়া বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড মূল্যমানের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনও ভিলা পার্কে মেডিকেল সম্পন্ন করেছেন।

দলবদলের এই আলোচনার শুরুতে মার্তিনেজকে দলে নেয়ার চেষ্টা করেছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। তবে আঙুলের চোট নিয়ে উদ্বেগের কারণে শেষ পর্যন্ত সেই চুক্তি ভেস্তে যায়। এরপর জুভেন্টাস টটেনহামের গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে নেয়।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/জেএইচ/