শিরোনাম

বিশ্বকাপে শেষ ষোলোর টিকিটের বাজারে বড় ধস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে শেষ ষোলোর টিকিটের বাজারে বড় ধস

গ্রুপ পর্বের উত্তেজনা শেষে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব তথা শেষ ষোলোর লড়াই শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। প্রাথমিক পর্বের তুলনায় দর্শকদের আগ্রহে ঘাটতি থাকায় টিকিটের চড়া দাম ধরে রাখতে পারছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যদিও শেষ মুহূর্তের বাড়তি চাহিদার কারণে লোকসান কিছুটা সামাল দেওয়া গেছে। সবচেয়ে বড় পতন হয়েছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম ম্যাচের টিকিটে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকিটের দাম কমেছে ৩০ শতাংশেরও বেশি।

টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী বৈশ্বিক প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১ জুন প্রায় ৪ হাজার ডলারে উঠেছিল। তবে কয়েকদিনের ব্যবধানে তা নাটকীয়ভাবে কমে ১ হাজার ৫৪৯ ডলারে নেমে আসে। পরবর্তীতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করার পর টিকিটের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়। শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। তবে সেই চড়া দাম স্থায়ী হয়নি। শনিবার (৪ জুলাই) বিকেলে টিকিটের দাম আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কমে ১ হাজার ৪২৩ ডলারে নেমে আসে। যদিও একই দিন সন্ধ্যার দিকে চাহিদা কিছুটা বাড়ায় দাম পুনরাই বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।

টিকিটের দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে মূল্যের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচটি। এই তালিকায় ৩ হাজার ৫৭৪ ডলার সর্বনিম্ন মূল্য নিয়ে সবার শীর্ষে রয়েছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এমন ধস নামা বেশ অনাকাঙ্ক্ষিত। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত এবং সিয়াটলে এটি দলটির তৃতীয় ম্যাচ হওয়ায় স্টেডিয়ামে বিপুল দর্শক উপস্থিতির পূর্বাভাস ছিল। এদিকে অন্যান্য ম্যাচের মধ্যে আর্জেন্টিনা-মিসর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিট ১ হাজার ৫৩৭ ডলার এবং হাইভোল্টেজ পর্তুগাল-স্পেন ম্যাচের টিকিট ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে। মূলত গ্রুপ পর্বের মতো নকআউট পর্ব নিয়ে দর্শকদের মাঝে তেমন উন্মাদনা না থাকায় টিকিটের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না ফিফা। অন্যদিকে, শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। মাঠের লড়াইয়ে বিদায়ের পাশাপাশি সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছিল।

/এমএকে/