শিরোনাম

প্রতিশোধের মিশনে পর্তুগালের মুখোমুখি স্পেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রতিশোধের মিশনে পর্তুগালের মুখোমুখি স্পেন
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ডালাসে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। এক বছরের কিছু বেশি সময় আগে নেশন্স লিগের ফাইনালে টাইব্রেকারে হারের তেতো স্বাদ পাওয়া স্পেনের জন্য বাংলাদেশ সময় সোমবার রাত ১টার এই ম্যাচটি মূলত প্রতিশোধের মোক্ষম সুযোগ। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা যেখানে ২০১০ সালের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া, সেখানে রবার্তো মার্তিনেসের পর্তুগাল চাইছে প্রথমবার অধরা সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে।

দলগত লড়াইয়ের পাশাপাশি ম্যাচটি রূপ নিয়েছে দুই প্রজন্মের দ্বৈরথে। ৪১ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের মঞ্চে বিদায়ের সুর বেজে উঠেছে, যার লক্ষ্য এখন ক্যারিয়ারের হাজারতম গোল। অন্যদিকে তার প্রতিপক্ষ হিসেবে থাকছেন নতুন প্রজন্মের প্রতিনিধি লামিনে ইয়ামাল। এক বছর আগের সেই ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। তবে সেই স্মৃতি পেছনে ফেলে স্পেন এখন অনেক বেশি গোছানো ও শক্তিশালী। টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকা স্প্যানিশদের রক্ষণভাগ ২০২২ বিশ্বকাপের পর এই মঞ্চে আর কোনো গোল হজম করেনি।

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া ইয়ামাল জানিয়েছেন, তারা কাউকেই ভয় পান না। বিপরীতে পর্তুগাল কিছুটা অস্বস্তিতে রয়েছে। গ্রুপ পর্বে রানার্সআপ হওয়া দলটি নকআউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেও বেশ বেগ পেয়েছে। তবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জুয়াও নেভেসদের নিয়ে গড়া তাদের মাঝমাঠ যেকোনো কৌশল ভেদে সক্ষম। একই সঙ্গে রক্ষণে নুনো মেন্দেসের মতো তারকা ইয়ামালদের আক্রমণ রুখে দিতে প্রস্তুত। দুই ফেভারিটের এই মহালড়াইয়ে এক দলের বিশ্বজয়ের স্বপ্ন ভেস্তে যাবে শেষ ষোলোতেই, আর অন্য দল পা বাড়াবে কোয়ার্টার ফাইনালের মঞ্চে।

/এমএকে/