শিরোনাম

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করলো ফিফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করলো ফিফা
২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির সেই ঘটনা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের ওপর আরোপিত শাস্তির নিয়মে ছাড় দিয়েছে ফিফা। কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়া মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও তার সতীর্থরা কেবল অফিসিয়াল ম্যাচেই নয়, বরং ‘ক্লাব এ’ শ্রেণির প্রীতি ম্যাচেও নিষেধাজ্ঞা কাটাতে পারবেন।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে বিশ্বকাপের ফাইনাল হারের পর মাঠে বিজয়ী দলের খেলোয়াড়দের ওপর চড়াও হন আর্জেন্টিনার কয়েকজন।

ওই ঘটনায় সবচেয়ে বড় সাজা পেয়েছিলেন লেয়ান্দ্রো পারেদেস। স্পেনের গাভিকে ধাক্কা দেওয়া এবং সহিংসতার অভিযোগে তাকে ১০ ম্যাচের নিষিদ্ধ করা হয়। এছাড়া নাহুয়েল মলিনা ৭ ম্যাচ, থিয়াগো আলমাদা ১ ম্যাচ এবং কোচিং স্টাফ রবার্তো আয়ালা ৩ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে অনুরোধ জানায়, যাতে অফিসিয়াল ম্যাচের পাশাপাশি ফিফার ‘ক্লাব এ’ প্রীতি ম্যাচগুলোতেও নিষেধাজ্ঞা কাটানোর অনুমতি দেওয়া হয়। এএফএর সেই আবেদন মঞ্জুর করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। ফিফার এই সিদ্ধান্তের ফলে চলতি বছরের শেষভাগে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে অংশ নিয়ে দ্রুতই নিজেদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলতে পারবেন আলবিসেলেস্তারা।

/টিই/