শিরোনাম

নকআউট ম্যাচের আগে নতুন ফরম্যাটের সমালোচনায় মরক্কোর কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নকআউট ম্যাচের আগে নতুন ফরম্যাটের সমালোচনায় মরক্কোর কোচ
সংবাদ সম্মেলনে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। ছবি: দ্য নিউ আরব

বিশ্বমঞ্চে ব্রাজিলের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার নকআউট পর্বের লড়াইয়ে শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে মরক্কো। মেক্সিকোর মন্তেরিতে মঙ্গলবার (৩০ জুন) হাইভোল্টেজ ম্যাচটিকে পরাশক্তির লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনু। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মাঠের কৌশলের চেয়ে বিশ্বকাপের বিতর্কিত নতুন ফরম্যাট ও জটিল সমীকরণ নিয়েই বেশি সরব ছিলেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি।

গ্রুপ পর্বে ব্রাজিলের সমান ৭ পয়েন্ট পেয়েও নকআউটের টিকিট কাটে দলটি। ডাচদের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার যৌক্তিকতার প্রশ্নের জবাবে কোচ জানান, নিয়মগুলো আগে থেকেই সবার জানা ছিল। তাই এটি নিয়ে অভিযোগ তোলার কোনো সুযোগ নেই। তবে টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়ানোর ফলে তৈরি হওয়া নতুন ফরম্যাটকে খোঁচা দিতে ভুল করেননি তিনি। মোহাম্মদ ওয়াহবি বলেন, এ পদ্ধতিটি মোটেও আদর্শ নয়। কিন্তু তাদের সামনে যেহেতু কোনো বিকল্প ছিল না, তাই নিয়তিকে মেনে নিয়েই তাদের মাঠে নামতে হচ্ছে। তবে ভবিষ্যতে বিশ্বকাপের জন্য আরও পরিমার্জিত ও নিখুঁত ফরম্যাট খোঁজার তাগিদ দেন তিনি।

বিশেষ করে গ্রুপ পর্বের সেরা তৃতীয় স্থান অধিকারী দল নির্বাচনের প্রক্রিয়াটিকে বেশ জটিল ও ভুক্তভোগী দলগুলোর জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। কেবল ‘ভুল গ্রুপে’ পড়ার কারণে ৩ পয়েন্ট পেয়েও কোনো দলের বিদায় নেওয়াটা মেনে নেওয়া কঠিন এবং এটি সত্যিই এক তিক্ত অভিজ্ঞতা। কোচ আরও উল্লেখ করেন, টেলিভিশন সম্প্রচার স্বত্বের বাণিজ্যিক কারণে সব ম্যাচ একই সময়ে আয়োজন করা অসম্ভব হয়ে পড়েছে। কোনো জাদুকরী সমাধান না থাকলেও ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটটি এর চেয়ে ভালো হতে পারত বলে তিনি মনে করেন।

নিজের এ যুক্তির পক্ষে স্কটল্যান্ডের উদাহরণ টেনে মরক্কো কোচ বলেন, প্রথম পর্বে তাদের গ্রুপে থাকা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে খেলা শেষ করেছিল ২৪ তারিখ। কিন্তু গোল পার্থক্যের কারণে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কি না, তা নিশ্চিত হতে তাদের অপেক্ষা করতে হয়েছে। অথচ যারা পরে শেষ ম্যাচ খেলেছে, তারা মাঠ থেকেই নিজেদের ভাগ্য জেনে গেছে। সূচির এ দীর্ঘ অপেক্ষার বৈষম্য দূর করতে ভবিষ্যতে কিছু বিষয়ে সমন্বয় আনা জরুরি বলে মনে করেন তিনি।

/এমএকে/