শিরোনাম

ইয়ামালের সঙ্গে সেই ছবি নিয়ে যা বললেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামালের সঙ্গে সেই ছবি নিয়ে যা বললেন মেসি
লিওনেল মেসি ও শিশু লামিনে ইয়ামাল (বাঁয়ে) এবং ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লিওনেল মেসি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বিশ্বকাপ মেগা ফাইনালের রোমাঞ্চকর আবহের মাঝেই স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে নিজের বহুল আলোচিত সেই ভাইরাল ছবি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে ইউনিসেফ ও স্থানীয় সংবাদপত্র ‘স্পোর্ট’-এর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। ছবিটিতে দেখা যায় তরুণ মেসি এক শিশুকে গোসল করাচ্ছেন। দীর্ঘ ১৮ বছর পর সেই শিশুই এবার বিশ্বকাপ ফাইনালের মহারণে প্রতিপক্ষ হিসেবে মেসির মুখোমুখি হচ্ছেন।

নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি এ ঐতিহাসিক ছবি প্রসঙ্গে নিজের বিস্ময় প্রকাশ করে বলেন, ছবিটি সত্যিই অবিশ্বাস্য। তখন সে একেবারেই ছোট এক শিশু ছিল। আর আজ আমরা দুজনেই বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়ছি, এটা ভাবাই কঠিন। একই সঙ্গে ১৯ বছর বয়সী ইয়ামালকে এক ‘বৈশ্বিক তারকা’ হিসেবে আখ্যা দিয়ে মেসি তার বর্তমান ফর্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইয়ামাল এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং তিনি তার সাফল্য কামনা করেন, কারণ তার ভালো করা মানে বার্সেলোনারই ভালো হওয়া।

তবে শিরোপার লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নন এলএমটেন। মেসি জানিয়েছেন, ফাইনালে আর্জেন্টিনা সর্বোচ্চ চেষ্টা করবে যেন ইয়ামাল নিজের সেরাটা দিতে না পারে। স্পেনের পুরো দলটাই দুর্দান্ত এবং আর্জেন্টিনারও নিজস্ব শক্তি ও জয়ের অস্ত্র রয়েছে বলে উল্লেখ করেন ফুটবলের এ জাদুকর। তিনি জানান, ইয়ামালের সামনে এক দীর্ঘ ও উজ্জ্বল ক্যারিয়ার পড়ে আছে, তবে এবার বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়বেন।

এদিকে দুই প্রজন্মের দুই তারকার অতীত ফ্রেম দেখে খোদ ইয়ামালের স্প্যানিশ সতীর্থ মিকেল মেরিনোও বিষ্ময় প্রকাশ করেছেন। প্রথমবার ছবিটি দেখার অনুভূতি জানিয়ে মেরিনো বলেন, তার মনে হয়েছিল ছবিটি হয়তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভুয়া ছবি। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার এবং ভবিষ্যতের সম্ভাব্য সেরা তারকার এমন একটি বাস্তব ছবি থাকা সত্যিই অবিশ্বাস্য বলে উল্লেখ করেন মেরিনো। এ স্প্যানিশ তারকা আরও যোগ করেন, এই দুই ফুটবল জাদুকরকে নিয়ে বিশ্ববাসী একটি ঐতিহাসিক ও দারুণ উপভোগ্য ফাইনাল ম্যাচ দেখতে পাবে।

/এমএকে/