শিরোনাম

বিশ্বকাপের আগে যে ২ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে যে ২ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে ২টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১১ জুন থেকে শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ। তার আগে আর্জেন্টিনা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

এবারের বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে হবে ম্যাচ দুটি, বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ হবে ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে, ৯ জুন আলাবামার অবার্নে অবস্থিত ‘জর্ডান-হেয়ার স্টেডিয়ামে’ এ ইউরোপীয় দল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বরে আছে হন্ডুরাস, আইসল্যান্ড আছে ৭৫ নম্বরে। এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি দেশ দুটি। আর্জেন্টিনা এই দুটি ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে। কারণ ৩০ মে’র মধ্যে বিশ্বকাপ স্কোয়াড হিসেবে জমা দিতে হবে বিশ্বকাপের দল।

হন্ডুরাসের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে আর্জেন্টিনা। সবশেষ ২০২২ সালে মায়ামিতে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে মেসিরা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় আসেন আইসল্যান্ডের গোলকিপার হানেস পোর হালডোরসন।

মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারানোর পর জাম্বিয়াকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।

/টিই/