শিরোনাম

গোল করার দক্ষতায় রোনালদোর বিকল্প নেই: কনসেইসাও

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গোল করার দক্ষতায় রোনালদোর বিকল্প নেই: কনসেইসাও
ফ্রান্সিসকো কনসেইসাও এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

উত্তর আমেরিকা বিশ্বকাপে আশানুরূপ সূচনা না হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল দল এবং তাদের ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এ মহাতারকার ফর্মের ঘাটতি এবং মাঠে সতীর্থদের থেকে পর্যাপ্ত বল না পাওয়ার গুঞ্জন নিয়ে যখন ফুটবল অঙ্গনে তুমুল বিতর্ক, ঠিক তখনই দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন তরুণ ফরোয়ার্ড ফ্রান্সিসকো কনসেইসাও।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী এ পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর ভূয়সী প্রশংসা করেন। তবে একই সঙ্গে তিনি একক কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর না করে দলীয় সংহতির ওপরই বেশি জোর দিয়েছেন। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করা পর্তুগালের জন্য হিউস্টনের ম্যাচটি নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে।

প্রথম ম্যাচে রোনালদোর পারফরম্যান্স চেনা ছন্দের ধারেকাছেও ছিল না, মাঠে তাকে বেশ কয়েকবার হতাশও দেখিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে বল না দেওয়া নিয়ে ভক্তদের ক্ষোভের জবাবে কনসেইসাও জানান, মাঠে পাস দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা তারা অনুভব করেন না। তিনি স্পষ্ট করেন, গোল করার দক্ষতায় রোনালদোর কোনো বিকল্প না থাকলেও, মাঠে যে খেলোয়াড় তুলনামূলক ভালো পজিশনে থাকবেন, তাকেই বল দেওয়া হবে। রোনালদোও অন্য সবার মতোই দলকে জেতাতে নিজের সর্বোচ্চটা দিচ্ছেন।

২০০২ সালে রোনালদো যখন পেশাদার ফুটবলে পা রাখেন, কনসেইসাওয়ের জন্ম হয়েছিল ঠিক তার কয়েক মাস পর। অথচ ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা কিংবদন্তির অনুশীলন ও সাফল্যের ক্ষুধা দেখে নতুন প্রজন্ম প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছে। কনসেইসাও যোগ করেন, ক্যারিয়ারের এত কিছু অর্জনের পরও রোনালদো যেভাবে প্রতিটি অনুশীলন সেশনকে নিজের শেষ সেশন মনে করে নিবেদিত থাকেন, তা তরুণদের আরও বেশি ক্ষুধার্ত হতে শেখায়। তবে কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে মাঠের সবাইকে এক হয়ে দলীয় প্রচেষ্টা বজায় রাখতে হবে বলে স্পষ্ট বার্তা দেন এই ফরোয়ার্ড।

/এমএকে/