শিরোনাম

বিশ্বকাপ আয়োজন থেকে মরক্কোকে বাদ দিতে স্পেনের সংসদে প্রস্তাব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ আয়োজন থেকে মরক্কোকে বাদ দিতে স্পেনের সংসদে প্রস্তাব
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো

স্পেন-মরক্কো সীমান্ত সংকট ও অভিবাসী ইস্যু নিয়ে উত্তেজনার রেশ এবার গড়িয়েছে ক্রীড়াঙ্গনেও। মরক্কোর সঙ্গে যৌথভাবে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য স্পেনের সংসদে প্রস্তাব পেশ করেছে দেশটির সরকারে থাকা বামপন্থী দল ‘সুমার’।

সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার মরক্কানের অনুপ্রবেশের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় স্পেনে। পরে অবশ্য তারা ফেরত যায় নিজ দেশে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কান কর্তৃপক্ষের ভূমিকার পক্ষে সাফাই গেয়েছেন এবং দাবি করেছেন যে বেশিরভাগ মানুষকে দ্রুত ফিরিয়ে নিতে সহায়তা করেছে মরক্কো। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো।

সরকারের ভেতরে থাকা ছোট বামপন্থী দল সুমার-এর ২৬টি আসন আছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিই-তে দেওয়া সাক্ষাৎকারে সুমার দলের সংসদ সদস্য ও প্রস্তাবের অন্যতম প্রণেতা নাহুয়েল গঞ্জালেস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মরক্কোর রাষ্ট্র ও রাজতন্ত্র মানবাধিকারের তোয়াক্কা করে না, তারা রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য অভিবাসীদের ব্যবহার করছে। আমরা এমন একটি বিশ্বকাপ যৌথ আয়োজনের বিষয় পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০৩০ সালে শতবর্ষী ফিফা বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে রয়েছে স্পেন, মরক্কো ও পর্তুগাল। এছাড়া দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

/টিই/