শিরোনাম

বিশ্বকাপে মাঠে নামার আগে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে মাঠে নামার আগে ভক্তদের যে বার্তা দিলেন মেসি
লিওনেল মেসি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াচ্ছে ফুটবলের মহোৎসব ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চের এ মহালড়াই শুরুর ঠিক আগমুহূর্তে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে অধরা ট্রফি জয়ের পর অনেকেই যখন তার ক্যারিয়ারের সমাপ্তি দেখছিলেন, তখন সব জল্পনা-কল্পনা উড়িয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত ৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

বিশ্বমঞ্চে নামার আগে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ওলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেসি স্বীকার করেছেন, কাতার আসরের পর ২০২৬ বিশ্বকাপে এত চমৎকার শারীরিক অবস্থায় পৌঁছানো নিয়ে একসময় তার নিজের মনেই বড় সংশয় ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে বর্তমানে তিনি শতভাগ ফিট এবং দারুণ বোধ করছেন।

নিজের বর্তমান অবস্থা ও ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনুভূতি প্রকাশ করে মেসি জানান, বয়স যেভাবে বাড়ছিল তাতে এ বিশ্বকাপে এত ভালো ছন্দে এসে পৌঁছানো কঠিন হবে বলেই তিনি ভেবেছিলেন। তবে সবকিছু খুব স্বাভাবিকভাবেই ইতিবাচক হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কাতার বিশ্বকাপের পর ইন্টার মায়ামিতে যোগ দিলেও প্রতিযোগিতার মনোভাব বা নিজের ওপর চাপ তিনি কখনোই কমতে দেননি। প্রতিনিয়ত নিজেকে পুশ করার কারণেই গত এক বছর ধরে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে সেরা ছন্দ ধরে রাখতে পেরেছেন।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। আর মাঠের লড়াইয়ে নামার আগে দলের প্রধান কাণ্ডারির এমন আত্মবিশ্বাসী বার্তা স্বাভাবিকভাবেই আলবিসেলেস্তে সমর্থকদের মনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

/এমএকে/