শেষ মুহূর্তের গোলে কিংসকে জিততে দিলো না আরামবাগ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তের গোলে কিংসকে জিততে দিলো না আরামবাগ
বাংলাদেশ ফুটবল লিগে পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস

গত মৌসুমে ঘরোয়া তিনটি ট্রফিই ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। এবার মৌসুমের শুরুটা হলো পয়েন্ট হারিয়ে। আজ গোপালগঞ্জে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি কিংস। যোগ করা আট মিনিট সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে কিংস। ১-১ সমতায় মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টিতে গোল করে কিংসকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। অঞ্জন এবারই প্রথম বাংলাদেশের চ্যাম্পিয়ন দলে খেলতে এসেছেন। কিংসের জার্সিতে অভিষেক হয়েছে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও আরেক নেপালি ফরোয়ার্ড মানিশ দাঙ্গিরও।

নতুন মৌসুম শুরুর আগে অবশ্য মাঠের বাইরে বড় চ্যালেঞ্জ সামলে আসতে হয়েছে কিংসকে। দলবদলে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল তাদের ওপর। সব নিষেধাজ্ঞা তুলে গত ৩ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ে দল গড়ে তারা।

কিংস ছেড়ে গেছেন তারকা গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন।

এই ম্যাচে মাঠের বাইরে ছিলেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষও। এ ছাড়া জাতীয় দলের সঙ্গে থাকায় স্কোয়াডে ছিলেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেন।

/টিই/