শিরোনাম

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে যা বললেন নেইমার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে যা বললেন নেইমার

বাংলাদেশে যখন ১৮ মে সকাল ১১টা ৩০ মিনিট, ব্রাজিলে তখন সময়টা ১৮ মে রাত ২টা ৩০ অর্থাৎ ১৭ মে দিবাগত রাত। সেই হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার বাকি ২৪ ঘণ্টারও কম সময়। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা ঘিরে আছে বাড়তি আগ্রহ। এবার সেই বাড়তি আগ্রহের কেন্দ্রে নেইমার।

নেইমার বিশ্বকাপ দলে থাকবেন কিনা সেটি বড় প্রশ্ন। ব্রাজিলের এই তারকা ফুটবলার নিজের ২০২৬ বিশ্বকাপ ভাগ্য ছেড়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর। দল ঘোষণার আগে নেইমার জানালেন, জায়গা পাওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন, তবে শেষ সিদ্ধান্ত নেবেন কোচই।

করিতিবোর বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি সিদ্ধান্ত নেবেন আমি সেখানে থাকার যোগ্য কি না। আমি এটার জন্য কাজ করেছি। যদি নির্বাচিত না হই, তাহলে আমি আর দশজন সমর্থকের মতো ব্রাজিলকে সমর্থন করব।’

এই ম্যাচের আগে মাঠে ব্রাজিলের জাতীয় সঙ্গীতের সময় নেইমারের চোখে অশ্রু দেখা যায়।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের দল থেকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড বেছে নেওয়ার প্রস্তুতি চলছে। বয়স বিবেচনায় নেইমারের শেষ বিশ্বকাপ হতে পারে এটি।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সান্তোসে ফেরার পর ছন্দে ফিরছেন তিনি। তবে আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দলে জায়গা পাওয়ার অন্যতম শর্ত ফিটনেস ঠিক থাকা এবং বর্তমান পারফরম্যান্স। ফলে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হচ্ছে।

/টিই/