শিরোনাম

ব্রাজিলের হেক্সা মিশনের প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের হেক্সা মিশনের প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল ব্রাজিল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় হেক্সা মিশনের উদ্বোধনী ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। পুনর্বাসন প্রক্রিয়ায় অপ্রত্যাশিত জটিলতা সৃষ্টি হওয়ায় এ ফরোয়ার্ড দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে ব্যর্থ হয়েছেন।

১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এ তারকা। সে সময় ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল টিম তার সুস্থতার জন্য অন্তত তিন সপ্তাহ সময় বেঁধে দিলেও, নিউ জার্সিতে দলের বর্তমান নিবিড় অনুশীলনে তাকে মূল স্কোয়াডের সাথে দেখা যায়নি। অনুশীলনের পরিবর্তে তাকে একা একা জিম ও সাইক্লিং করে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

বর্তমান পরিস্থিতিতে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো আনচেলত্তি এবার বেশ আলোচনা-সমালোচনার মাঝেই নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে ডেকেছিলেন। নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপ নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছিলেন এ ফরোয়ার্ড। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই তার এ অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি কোচ আনচেলত্তিকে দলের কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করছে। তবে সেলেসাও ভক্তদের জন্য কিছুটা আশার আলো হলো, দলের মেডিকেল টিমের একটি সূত্রের দাবি অনুযায়ী, প্রথম ম্যাচটি মিস করলেও ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অথবা বাংলাদেশ সময় অনুযায়ী ২৪ জুন ভোর ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

/এমএকে/