শিরোনাম

মিসরকে কোনোরকম সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিসরকে কোনোরকম সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা
অনুশীলনে আর্জেন্টিনা দল

চলতি বিশ্বকাপে টানা চার জয়ে শেষ ষোলোতে পা রাখলেও আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে পাওয়া কষ্টার্জিত জয় এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আকস্মিক বিদায়কে বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী মিসরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে এ মাস্টারমাইন্ড জানিয়েছেন, আগের ভুলগুলোর পুনরাবৃত্তি করে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দিতে চান না তারা।

বিশ্বচ্যাম্পিয়ন বা ফেবারিট তকমা যে মাঠের লড়াইয়ে জয়ের কোনো নিশ্চয়তা দেয় না, তা বোঝাতে নরওয়ের কাছে ব্রাজিলের হেরে যাওয়ার উদাহরণ টানেন স্কালোনি। ওই ম্যাচের শেষ অংশ দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ ঘটনাই টুর্নামেন্টের আসল বাস্তব চিত্র তুলে ধরে। ম্যাচের শেষ মুহূর্তে এন্দ্রিক গোল করতে পারলে আজ হয়তো ভিন্ন আলোচনা হতো। ব্রাজিলের মতো পরিস্থিতি কেপ ভার্দের বিপক্ষে তাদেরও হতে পারত উল্লেখ করে তিনি বলেন, টুর্নামেন্টে যেকোনো মুহূর্তে যেকোনো দলের বিদায় ঘটতে পারে। স্কালোনির মতে, কেপ ভার্দের বিরুদ্ধে শেষ পর্যন্ত দলের লড়াকু মানসিকতা এবং কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর জেদই টিকিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে, যা না থাকলে তাদেরও বিদায় নিতে হতো।

বর্তমান বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর আখ্যা দিয়ে আর্জেন্টিনা কোচ আরও বলেন, এখন আর কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি দলই অত্যন্ত সংগঠিত ও আধুনিক ফুটবল খেলছে, যার প্রমাণ মিলেছে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের এবং পর্তুগালের বিপক্ষে স্পেনের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে। তাই শেষ আটের টিকিট পাওয়ার লড়াইয়ে মিশরকে নিয়ে সর্বোচ্চ সতর্ক বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে সমীহ করে স্কালোনি বলেন, মোহাম্মদ সালাহর মতো অসাধারণ ফুটবলার সমৃদ্ধ মিসর অত্যন্ত কঠিন দল, যাদের কোচও দীর্ঘ সময় ধরে দলটিকে গুছিয়ে এনেছেন। তবে ব্যক্তিগত কোনো খেলোয়াড়ের চেয়ে পুরো মিসর দলকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।

কেপ ভার্দে ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্কালোনি জানান, এবার তারা বলের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রাখতে চান এবং ম্যাচের ছন্দও ধরে রাখতে চান। তাদের প্রধান লক্ষ্য থাকবে মিসরকে যেন কোনোভাবেই কাউন্টার অ্যাটাকে আলবিসেলেস্তেদের রক্ষণভাগকে বিপদে ফেলার সুযোগ দেওয়া না হয়। অতীতের সব ভুলত্রুটি শুধরে আরও পরিণত ফুটবল খেলেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই রণকৌশলী।

/এমএকে/