শিরোনাম

আলভারেজের দল-বদল নিয়ে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
আলভারেজের দল-বদল নিয়ে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ

ইউরোপে ট্রান্সফার উইন্ডো এবার দলবদলের অঙ্কে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে আইনি সংঘাত পর্যন্ত। আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে গিয়ে বিপাকে পড়েছে বার্সেলোনা। নিয়ম ভেঙে খেলোয়াড়ের সঙ্গে অবৈধভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জুন আতলেতিকো মাদ্রিদের দেওয়া এক আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে বার্সেলোনার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির ফুটবল সংস্থা।

আতলেতিকো মাদ্রিদের দাবি, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু ফিফা ও আরএফইএফের আইন তোয়াক্কা না করে দলবদলের নির্ধারিত সময়ের বাইরে গোপনে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

বার্সেলোনা সভাপতি লাপোর্তা প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে আলভারেজের জন্য মাদ্রিদে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সেই প্রস্তাব একপ্রকার হেসেই উড়িয়ে দিয়েছে আতলেতিকো।

বিশ্বকাপ চলার সময় আলভারেজ ইঙ্গিত দিয়েছিলেন, আতলেতিকো মাদ্রিদ ছেড়ে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান তিনি।

আইনি জটিলতা আর আতলেতিকোর একগুঁয়েমির কারণে আলভারেজের দলবদলটি এখন প্রায় অসম্ভব এক সমীকরণে এসে দাঁড়িয়েছে।

/টিই/