শিরোনাম

এটাই শেষ বিশ্বকাপ জানালেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এটাই শেষ বিশ্বকাপ জানালেন রোনালদো
সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: ইএসপিএন

চল্লিশের কোটা পেরিয়েও সবুজ গালিচায় বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সমসাময়িক ফুটবলাররা যখন খেলা ছেড়ে ধারাভাষ্যকার কিংবা বিশ্লেষকের ভূমিকায়, তখনো পর্তুগালকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এ মহাতারকা। তবে এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন সিআরসেভেন।

স্পেন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ এবং অবসর পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পর্তুগিজ অধিনায়ক। এই বিশ্বকাপ শেষেই বুটজোড়া তুলে রাখবেন কি না—এমন প্রশ্নে স্বভাবসুলভ ভঙ্গিতে রোনালদো জানান, তিনি নিজের ইচ্ছানুযায়ী অবসর নেবেন, অন্য কারও কথায় নয়। তবে এটিই যে তার শেষ বিশ্বকাপ, তা নিশ্চিত করে দিয়ে তিনি বলেন, এই আসরটি তিনি পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছেন এবং আশা করেন স্পেনের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ম্যাচ হবে না। কিছুদিন আগে তার বোনের দেওয়া অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে রোনালদো স্পষ্ট করেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না।

২০৩০ সালে পর্তুগাল, স্পেন ও মরক্কোর যৌথ আয়োজনে বিশ্বকাপের শতকপূর্তির আসর যখন বসবে, তখন রোনালদোর বয়স হবে ৪৫ বছর। সেই বয়সে খেললে ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়তেন তিনি। কিন্তু পর্তুগাল অধিনায়ক অতদূর ভাবছেন না। ফুটবলকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, একদিন না একদিন মাঠ ছাড়তেই হবে এবং বিদায়বেলায় তিনি শতভাগ তৃপ্ত থাকবেন।

চলতি বিশ্বকাপেও রোনালদোর পারফরম্যান্স বেশ উজ্জ্বল, ৪ ম্যাচে করেছেন ৩ গোল। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে নকআউট পর্বে গোল না পাওয়ার দীর্ঘ আক্ষেপও ঘুচিয়েছেন। স্পেনের বিপক্ষেও রোনালদোর অতীত রেকর্ড দারুণ। ২০১৮ বিশ্বকাপের হ্যাটট্রিক এবং ২০২৫ নেশনস কাপের ফাইনালের গোল তারই প্রমাণ। বিদায়ের আবহ তৈরি হওয়া এ ম্যাচে স্প্যানিশদের বিপক্ষে নিজেকে আরেকবার চেনাতে মুখিয়ে থাকবেন ফুটবলের এ মহানায়ক।

/এমএকে/