শিরোনাম

ট্রাম্পের হস্তক্ষেপে শাস্তি মাফ, ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ট্রাম্পের হস্তক্ষেপে শাস্তি মাফ, ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম কোচ
সংবাদ সম্মেলনে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এ পদক্ষেপকে খেলাটির নৈতিকতা, সততা ও স্বচ্ছতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন তিনি। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর ফিফার এমন আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম শিবির।

চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কিন স্ট্রাইকার বালোগান। টুর্নামেন্টের বাইলজের ১০.৫ অনুচ্ছেদ অনুযায়ী তার পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকার কথা থাকলেও, শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচের মাত্র দুই দিন আগে ফিফা তা রহস্যজনকভাবে প্রত্যাহার করে নেয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বালোগানের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ফোনালাপের পরপরই নিষেধাজ্ঞা স্থগিতের ঘোষণা আসে। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে, তারা এর বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ খতিয়ে দেখছে।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ গার্সিয়া ব্যঙ্গাত্মক সুরে বলেন, তিনি জানতেন না যে ৫ জুলাই এখন এপ্রিল ফুল দিবস হয়ে গেছে। তবে এ বিতর্কিত সিদ্ধান্ত তাদের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন কোচ গার্সিয়া ও গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়া জানান, মাঠের প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের লক্ষ্য কেবলই জয়। দলটির সোনালি প্রজন্মের বিদায়ের পর এখন একঝাঁক তরুণ ও ক্ষুধার্ত খেলোয়াড় নিয়ে বেলজিয়াম ফুটবলে নতুন এক যুগের সূচনা করতে চান তারা।

অন্য দিকে, চলতি বিশ্বকাপে ৩ গোল করা দলের সর্বোচ্চ গোলদাতাকে ফিরে পেয়ে বড় স্বস্তিতে রয়েছে মাউরিসিও পচেত্তিনোর মার্কিন শিবির। ডোনাল্ড ট্রাম্পও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টায় সিয়াটলে কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে মুখোমুখি হবে এই দুই দল।

/এমএকে/