শিরোনাম

মেসিরা বাদ পড়বেন কেপ ভার্দের কাছে হেরে, ঘানাইয়ান ওঝার ভবিষ্যদ্বাণী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসিরা বাদ পড়বেন কেপ ভার্দের কাছে হেরে, ঘানাইয়ান ওঝার ভবিষ্যদ্বাণী

ইংল্যান্ড-ঘানা ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর আলোচনায় আসেন এক ওঝা। ঘানাইয়ান সেই ওঝার নাম নানা কোয়াকু বনসাম। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে দলটির সবচেয়ে বড় তারকা হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

বনসাম তখন বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’

সেই ম্যাচে ঘানা জিততে পারেনি, ইংল্যান্ডের কেইনও অবশ্য গোল পাননি। সেই ওঝা আবার আলোচনায় এসেছেন একটি ভবিষ্যদ্বাণী করে। তার সেই ভবিষ্যদ্বাণী– কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা তাদের শেষ বত্রিশের ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় ৪ জুলাই ভোর ৪টায়, মায়ামিতে। গ্রুপ পর্বের সব ম্যাচে সহজে জেতা আর্জেন্টিনা এ ম্যাচে হারবে বলে ভবিষ্যদ্বাণী করে সেই ওঝা বলেছেন এভাবে, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার আফ্রিকার দলগুলোর মুখোমুখি হয়েছে। তবে নকআউট পর্বে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই হবে তাদের প্রথম ম্যাচ। আগের সাত ম্যাচের ইতিহাস অবশ্য লাতিন আমেরিকার দলটির পক্ষেই কথা বলছে। সেখানে ছয়টিতেই জিতেছে আর্জেন্টিনা (পাঁচটি নাইজেরিয়ার বিপক্ষে এবং একটি আইভরিকোস্টের বিপক্ষে)। আফ্রিকার দলের কাছে তাদের একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে।

তবে ওঝা বনসামের কথায় অনেকেই নড়েচড়ে বসতে পারেন। কারণ ঘানার বিপক্ষে ইংল্যান্ড ম্যাচে তার কথা ঠিক ফলে গিয়েছিল। সেই ম্যাচের শেষ বাঁশি বাজার পর ওঝা বনসাম বলেছিলেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।’

তার সেই কথা মিলে গিয়েছিল। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন।

/আরএ/