কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকে টার্গেট করে: ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকে টার্গেট করে: ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র

চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়রা বারবার ফাউল করলেও শেষ পর্যন্ত তাকেই কার্ড দেখতে হয়। আক্রমণাত্মক ফুটবল খেলা তারকা খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ভিয়ারিয়ালের বিপক্ষে গত শনিবার রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে প্রতিপক্ষের নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। ওই ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য আরও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে।

ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোসহ লা লিগার চারটি ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস।

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে রিয়ালের ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের পর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘আমার মনে পড়ে না, অন্য কোনো খেলোয়াড় কখনো চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে। আমার সামনে থাকা খেলোয়াড়কে সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার চুলে জড়িয়ে যাই। এটা লাল কার্ড, তাই আমি অবাক হয়েছিলাম। তবে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার মতো কোনো অপমানজনক কথা আমি রেফারিকে বলিনি।’

রেফারিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিনিসিয়ুস আরও বলেন, ‘প্রতিপক্ষের সমর্থকরা আমাকে দুয়ো দেবে, এটা স্বাভাবিক। কিন্তু রেফারিদের বুঝতে পারি না। পরিসংখ্যান দেখেছি, আমার বিরুদ্ধে ৫০০টি ফাউল হয়েছে, অথচ তাতে প্রতিপক্ষের খেলোয়াড়রা লাল কার্ড দেখেছেন মাত্র পাঁচবার। শেষ পর্যন্ত কার্ডটা সব সময় ভিনিরই জোটে।’

/টিই/