শিরোনাম

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়ালের কেউ, বার্সার ৮ জন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়ালের কেউ, বার্সার ৮ জন
ইনজুরি থাকলেও বিশ্বকাপ দলে আছেন ইয়ামাল।

ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত দলে নেই রিয়াল মাদ্রিদে খেলা কোনো খেলোয়াড়। স্পেন ৯২ বছর ধরে অংশ নিচ্ছে বিশ্বকাপে। তাদের ইতিহাসে এবারই প্রথম এমন হলো যে, বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদে খেলা কোনো খেলোয়াড়।

দলে জায়গা হয়নি গেল ইউরোতে দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতার। মৌসুমের শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে বার্সার ফেরমিন লোপেসের। তবে ইনজুরিতে থাকা লামিনে ইয়ামাল আছেন দলে।

চোটের কারণে বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে ইয়ামালকে। রিয়াল মাদ্রিদের কেউ না থাকলেও বার্সেলোনায় খেলা ৮ জন আছে বিশ্বকাপ দলে।

বার্সা থেকে সুযোগ পাওয়া ৮ জন হলেন- হোয়ান গার্সিয়া, পাউ কুবার্সি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি অলমো, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল।

রিয়ালের ২১ বছর বয়সী ডিফেন্ডার ডিন হুইসেন ব্যক্তিগতভাবে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন। ধারণা করা হচ্ছিলো তিনি বিশ্বকাপ দলে থাকবেন। দলে জায়গা হয়নি রিয়ালের রাউল আসেন্সিও, আলভারো ক্যারেয়া ও ফেরান গার্সিয়ারও।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: উনাই সিমন (বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)।

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাউ কুবার্সি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্তে (বিলবাও), মার্ক পুবিল (আতলেতিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রো পোরো (টটেনহাম হটস্পার)।

মিডফিল্ডার: পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স বায়েনা (আতলেতিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল)।

ফরোয়ার্ড: মিকেল ওইয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (বিলবাও), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), ফেরান তোরেস (বার্সেলোনা), বোরহা ইগলেসিয়াস (সেল্তা ভিগো), ভিক্তর মুনোজ (ওসাসুনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।

/টিই/