এবার কাউন্টিতে খালেদের ৫ উইকেট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার কাউন্টিতে খালেদের ৫ উইকেট
ম্যাচ বল হাতে খালেদ আহমেদ

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলকে হাসান মাহমুদের শূন্যতা বুঝতে দিলেন না খালেদ আহমেদ। কেন্টের হয়ে খেলতে নেমে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিলেন এ অভিজ্ঞ পেসার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪২ রান খরচ করে তুলে নিয়েছেন ৫টি উইকেট। কাউন্টি ক্রিকেটে এটিই তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দল। ম্যাচের দ্বাদশ ওভারে আক্রমণে আসেন খালেদ। নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন। প্রথম তিন ওভারে কোনো রানই খরচ করেননি তিনি। নিজের প্রথম স্পেলে ৬ ওভার বল করে মাত্র ৯ রান দিলেও তখনও উইকেটের দেখা পাননি।

তবে লাঞ্চ বিরতির পর ঠিকই সাফল্যের দেখা পান এ পেসার। ইনিংসের ৩১তম ওভারে কিটন জেনিংসকে পয়েন্টে ক্যাচ বানিয়ে ভাঙেন ল্যাঙ্কাশায়ারের ওপেনিং জুটি। ঠিক পরের ওভারেই রিকি ফ্লিনটফকে দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ। এরপর কিছুটা বিরতি দিয়ে ৫৩তম ওভারে দুর্দান্ত এক আউটসুইংয়ে উইকেটকিপার ম্যাটি হার্স্টকে স্লিপে ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় শিকার বানান।

অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ম্যাট মিলনে। তিনিও তুলে নেন ৪টি উইকেট। ল্যাঙ্কাশায়ারের স্কোর যখন ৮ উইকেটে ১৬০ রান, তখন বাকি কাজটুকু সারেন খালেদ। নিজের ষোলোতম ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে মিচেল স্ট্যানলির মিডল স্টাম্প উড়িয়ে দেন। এরপর উইকেটে আসেন শেষ ব্যাটার জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসনকে টিকতেই দেননি খালেদ। পরের বলেই তাকে স্লিপে ক্যাচ বানিয়ে পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট। খালেদের এ বোলিং নৈপুণ্যের মুখে মাত্র ১৬১ রানেই অলআউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংস।

শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিং করে গেছেন ৩৪ বছর বয়সী এ পেসার। কাউন্টি ক্রিকেটে এটি তার প্রথম ফাইফার হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশম পাঁচ উইকেটের কীর্তি। এর আগে একই মাঠে কেন্টের হয়ে হাসান মাহমুদও পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন।

/এমএকে/