শিরোনাম

সেঞ্চুরির দিনে যে মাইলফলক ছুলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরির দিনে যে মাইলফলক ছুলেন মুশফিক
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় দুজনই পেয়েছেন সেঞ্চুরি

ডিপিএলে গাজী গ্রুপের বিপক্ষে শুক্রবার (৫ জুন) ৫৪ বলে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্রুততম সেঞ্চুরি করার দিনে ফিফটি করতে খেলেছেন ৩৪ বল। তবে ডিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেননি মুশফিক।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ২০১৩ সালে প্রাইম ব্যাংকের হয়ে ৪৬ বলে সেঞ্চুরি করেন রোডেশিয়ান এই ব্যাটার। ডিপিএলে চলতি আসরে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেশি ব্যাটারদের রেকর্ডটা নিজের করেন মোসাদ্দেক। ফলে ৫৪ বলে সেঞ্চুরিতে রেকর্ডের ভাগিদার হতে পারেননি মুশফিক।

দ্রুততম সেঞ্চুরি করতে না পারলেও মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ হাজার রান করেছেন তিনি। ডিপিএলে আজকের ম্যাচে নামার আগে মুশফিকের প্রয়োজন ছিল ৬৯ রান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মুশফিক ছাড়াও এই তালিকায় আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সাদা বলের এই ফরম্যাটে রান করার তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। ৬০১ ইনিংসে ২২ হাজার ২১১ রান করেছেন। তালিকার সেরা পাঁচে আছেন শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারার মতো তারকারাও। সর্বোচ্চ রান করার তালিকায় লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৫ নম্বরে বাংলাদেশের মুশফিকুর রহিম।

/টিই/