শিরোনাম

ইমরান খানের চিকিৎসা ইস্যুতে সরব প্যাট কামিন্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইমরান খানের চিকিৎসা ইস্যুতে সরব প্যাট কামিন্স
ইমরান খান ও প্যাট কামিন্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে এর আগে চিঠি দিয়েছিল সাবেক ২১ অধিনায়ক। এবার সেই চিঠির প্রতি সমর্থন জানালেন বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স।

গত সপ্তাহে ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে কারাগারে ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তাতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা ছিলেন সেই তালিকায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেলের একটি ভিডিও শেয়ার করে কামিন্স লিখেছেন, ‘গ্রেগ চ্যাপেল এবং অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে আমিও আমার সমর্থন জানাচ্ছি।’

এরপর ইমরানের চিকিৎসা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন কামিন্স, ‘আদালতের নির্দেশ দেওয়া চিকিৎসা মূল্যায়ন যেন যথাযথভাবে সম্পন্ন হতে পারে, সেটিই আশা করি। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও যেন অব্যাহত থাকে। ইমরান খান যেন সেই মর্যাদা পান, যা প্রত্যেক মানুষের প্রাপ্য।’

২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দী ইমরান। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

ইমরানের চিকিৎসা নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়া কামিন্সই প্রথম সক্রিয় কোনো আন্তর্জাতিক দলের অধিনায়ক।

/টিই/