শিরোনাম

মারামারির ঘটনায় শ্রীলঙ্কান কোচের মৃত্যু

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মারামারির ঘটনায় শ্রীলঙ্কান কোচের মৃত্যু
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লোগো

শ্রীলঙ্কায় খেলোয়াড়দের মারমারিতে জড়িয়ে পড়ার একটি ঘটনায় মারা গেছেন ৬২ বছর বয়সী ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দো। কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে মারামারির এ দুঃখজনক ঘটনা ঘটে।

কোচের আকস্মিক প্রয়াণে শ্রীলঙ্কান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। গত ৮ আগস্ট বিরোধের ঘটনার পর ফার্নান্দোকে হাসপাতালে নেওয়া হয় এবং গত মঙ্গলবার তিনি মারা যান।

স্কুল ক্রিকেটে মেন্টর হিসেবেও কাজ করেছেন ফার্নান্দো। স্কুল ক্রিকেটেই কুশল মেন্ডিসকে তৈরি করেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অনুশীলরত তরুণ ক্রিকেটারদের একটি দল খাওয়ার পানি আনতে গিয়ে দেখেন, কোনো সাপ্লাইয়ের পানি নেই। এ নিয়ে খেলোয়াড় ও ক্লাবের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত থাকা ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর ফার্নান্দো হস্তক্ষেপ করেন।

পুলিশ জানায়, দুই খেলোয়াড়কে জড়িয়ে মারামারির ঘটনা ঘটে। তাতে আঘাত পান ফার্নান্দো। তাকে চিকিৎসার জন্য খুব দ্রুত কলম্বোর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ ওঠে।

/টিই/