শিরোনাম

৩৬ বছর বয়সী ভুবনেশ্বর স্বপ্ন দেখছেন দলে ফেরার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৩৬ বছর বয়সী ভুবনেশ্বর স্বপ্ন দেখছেন দলে ফেরার
ভুবনেশ্বর কুমার

নির্বাচকদের নজরে নেই তিনি। আইপিএলে যতই ভালো পারফর্ম করুন, ভারতীয় দলের দরজা যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে ভুবনেশ্বর কুমারের জন্য। তবে এখনো ভারতের জার্সিতে ফেরার ইচ্ছা জেগে আছে ৩৬ বছর বয়সী এই পেসারের।

সবশেষ ২০২২ সালে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর। জাতীয় দলে ফেরার সুযোগ না এলেও প্রত্যাশা হারাননি তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ভুবনেশ্বরকে প্রশ্ন করা হয়, এখনো কি ভারতীয় দলের হয়ে খেলতে চান? ভুবনেশ্বরের উত্তর ছিল, ‘কেন ফিরতে চাইবো না? আমারও তো ভারতের হয়ে খেলতে ইচ্ছা করে।’

ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই পেসার। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের ম্যাচে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জাতীয় দলে ফিরলে আবারও কি সেই ছন্দে বোলিং করতে চান তিনি? ভুবনেশ্বরের জবাব, ‘করতে পারলে তো ভালোই লাগবে। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো।’

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, আইপিএলেও গত মৌসুমে দুর্দান্ত ছিলেন ভুবনেশ্বর। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। তার পরও জাতীয় দলের দরজা খোলেনি।

/টিই/