বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ

প্রথমবারের মতো নেপালের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের মার্চে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়ে সিরিজটি তাদের উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঐতিহাসিক সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরালো করার অংশ হিসেবেই মূলত এ সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হয়। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে একটি ইতিবাচক বৈঠক অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বুধবার বিসিবি কার্যালয়ে এসে বোর্ড সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে প্রস্তাবিত এ সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়।

মাঠের লড়াইয়ের পাশাপাশি এ সিরিজের পেছনে রয়েছে এক অন্যরকম মানবিক আবেদন। বিসিবি জানিয়েছে, এ সিরিজ থেকে অর্জিত লভ্যাংশের পুরোটাই নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে।

বাংলাদেশ ও নেপালের ক্রিকেট ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে দল দুটি। বিশ্বকাপের মঞ্চে হওয়া দুই ম্যাচেই জয়ের হাসি হেসেছিল বাংলাদেশ। তবে নিরপেক্ষ ভেন্যুর লড়াই ছাপিয়ে এবারই প্রথম নেপালের নিজস্ব মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা।

/এমএকে/