সাদাকাতের বিধ্বংসী ৯৬, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সাদাকাতের বিধ্বংসী ৯৬, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পাকিস্তানের
৯৬ রানের ইনিংস খেলেন মাজ সাদাকাত

আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেনো আবার শুরু করলেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। রাওয়ালপিন্ডিতে সাহিবজাদার ৭৩ আর সাদাকাতের ৯৬ রানে ভর করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান করে ৩ উইকেটে ২১৫ রান।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরা থামে ৭ উইকেটে ১৩৩ রানে। ৮২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলো পাকিস্তান।

এই দুই দলের মধ্যে টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় জয় এটিই। ২০১৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ৬৪ রানে জয় ছিল আগের রেকর্ড।

পাকিস্তানের উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। ফখর জামান আউট হলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন সাহিবজাদা ও সাদাকাত। সাহিবজাদা ৪৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করে শানাকার বলে ক্যাচ দেন থিকসানাকে।

শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭ ছক্কা ও ৬ চারে ৫১ বলে ৯৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক সাদাকাত। প্রথম ম্যাচে রান তাড়ায় ২৯ বলে ৫০ রান করেছিলেন ২১ বছর বয়সি এই ব্যাটসম্যান।

জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কান ব্যাটাররা। দলীয় ৭৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে ৫০ রানের জুটি গড়েন চামিন্দু বিক্রমাসিংহে ও মহেশ থিকসানা। চামিন্দু ২৯ রান করে আউট হলে জুটি ভাঙে। থিকসানা ৩২ রানে অপরাজিত থাকলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

/টিই/