এক মাস ধরে জব্দ ফোন, আবারও ডাক পড়লো রিজওয়ানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এক মাস ধরে জব্দ ফোন, আবারও ডাক পড়লো রিজওয়ানের
মোহাম্মদ রিজওয়ান

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আবারও তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। প্রিভেনশন অব ইলেক্ট্রনিক ক্রাইমস অ্যাক্টের (পিইসিএ) তদন্তের অংশ হিসেবে আগামী ২ অক্টোবর তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩০ আগস্ট লর্ডস টেস্ট শেষের পর থেকেই মূলত সাইবার ক্রাইম এজেন্সির নজরদারিতে আছেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। ওই ম্যাচের পর তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। এখনো সেটি ফেরত পাননি তিনি। এর আগে ১০ সেপ্টেম্বর একবার এজেন্সিতে হাজিরা দিয়েছিলেন রিজওয়ান। ফোন ফেরত দেওয়ার অনুরোধ জানালেও তাতে কোনো লাভ হয়নি। উল্টো তাকে দ্বিতীয় দফায় তদন্তের মুখোমুখি হতে হচ্ছে।

নোটিশে বলা হয়েছে, ‘সংস্থাটি পিইসিএ ২০১৬ এর প্রাসঙ্গিক বিধানের আওতাভুক্ত একটি বিষয়ে তদন্ত পরিচালনা করছে। এ ব্যাপারে আপনার কাছ থেকে জব্দ করা ডিভাইসটির ফরেনসিক পরীক্ষার জন্য আপনার সহযোগিতা কামনা করা হচ্ছে।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘২ অক্টোবর বিকাল তিনটার মধ্যে এজেন্সির পুলিশ স্টেশনে আপনাকে সশরীরে হাজির হতে বলা হচ্ছে।’ একই সঙ্গে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে, ‘হাজিরা দিতে না পারলে ধরে নেওয়া হবে আপনার সপক্ষে কিছু বলার নেই বা বলার মতো অবস্থা নেই।’

রিজওয়ানের জন্য এজেন্সির মুখোমুখি হওয়া এখন বাধ্যতামূলক। লাহোর হাই কোর্টের এক আদেশে তাকে তদন্তে সব ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত তাকে কোনো ধরনের হয়রানি না করতে এজেন্সিকে নির্দেশ দিয়েছেন।

/এমএকে/