শিরোনাম

প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ে সাত নম্বরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ে সাত নম্বরে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এরপর আইসিসি থেকে এলো সুখবর। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে মন্থর পিচের পরিবর্তে পেস বোলিং এবং ব্যাটিং সহায়ক পিচ বেঁছে নেওয়া হয়। সিলেটের পিচও ছিল প্রায় একই। দুই ম্যাচেই ব্যাটে-বলে দাপুটে পারফর‌ম্যান্স দেখিয়েছে দল।

সিলেটে ম্যাচ শেষে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। এর ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের সাত নম্বরে উঠেছে ফিল সিমন্সের শিষ্যরা।

অন্যদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে। এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কার অবস্থান ছয় নম্বরে।

এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন। সর্বোচ্চ ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনে ভারত আর টেবিলের চার ও পাঁচ নম্বরে যথাক্রমে অবস্থান করছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

/টিই/