টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত (বাম থেকে দ্বিতীয়)

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ।

আগে ব্যাট করার কারণও জানালেন শান্ত। তিনি বলেন, ‘উইকেট বেশ শুকনো দেখাচ্ছে। এখানকার আবহাওয়া বেশ গরম। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ব্যাটারদের জন্য একটু কঠিন হবে।’

বাংলাদেশ ভালো খেলছে বলে মনে করেন অধিনায়ক। সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স ও ধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। তবে দল হিসেবে আমাদের যথেষ্ট ধারাবাহিক হতে হবে। নিজেদের দক্ষতা দেখানোর আরেকটি সুযোগ এটি। ছেলেরা গত কয়েক দিন ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’

আফগান স্পিন আক্রমণ নিয়ে তিনি বলেন, ‘তারা খুব ভালো দল, এটা আমরা সবাই জানি। তাদের কিছু মানসম্পন্ন স্পিনারও আছে। তাই দেশে যেভাবে অনুশীলন করি, এখানেও একইভাবে করেছি। আমাদেরও কিছু মানসম্পন্ন স্পিনার আছে। প্রস্তুতি নিয়ে আমরা বেশ খুশি। আশা করি, আমরা ভালো ক্রিকেট খেলব।’

উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়ে শান্ত বলেন, ‘উইকেট শুকনো দেখাচ্ছে। আমার মনে হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনে বল ঘুরতে শুরু করবে। তখন উইকেট এখনকার স্বাভাবিকের চেয়ে একটু ধীর হয়ে যাবে।’

তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

/জেএইচ/