শিরোনাম

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যেন ২৩ বছর অপেক্ষা করতে না হয়: শান্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যেন ২৩ বছর অপেক্ষা করতে না হয়: শান্ত
সিরিজ ড্রয়ের পর ট্রফি হাতে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে ডারউইনে ভালো খেলে ৯ উইকেটে জেতে নাজমুল হোসেন শান্তর দল। ১-১ এ সিরিজ ড্রয়ের পর শান্ত দাবি জানিয়ে রাখলেন নিয়মিত অস্ট্রেলিয়া সফরের।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৬৪ রানে। শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক ব্যাটিং। তবে টস অনেক বড় ফ্যাক্টর ছিল। প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তিন ইনিংসে ব্যাট করাই কঠিন ছিল। তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি তারাও অনেক ভালো বল করেছে।’

অধিনায়ক আরও বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া দল কতটা ভালো। এই টেস্টে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। পরিস্থিতি ভিন্ন ছিল। বাতাসে অতিরিক্ত বাউন্স ও সুইং ছিল, যা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। কিন্তু দল হিসেবে আমরা যদি সামনে এগোতে চাই, এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে এবং আমি মনে করি এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। এটি ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন উইকেট ছিল।’

প্রথম টেস্টে দারুণ ফলাফলের পর সবার প্রত্যাশা ছিল দ্বিতীয় টেস্টেও ভালো কিছুর, সেটি হয়নি। তবে এমন কন্ডিশনে আরও বেশি খেলার দাবি জানালেন শান্ত, ‘আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমি বিশ্বাস করি, এ ধরনের কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, তবে আমাদের খেলা উন্নত করতে সাহায্য করবে। আমরা ঠিক এটাই চাই- এখানে আসার জন্য যেন ২৩ বছর অপেক্ষা করতে না হয়। যদি আমরা ঘন ঘন এখানে আসার সুযোগ পাই, তবে তা আমাদের খেলা আরও উন্নত করবে।’

/টিই/